পাকিস্তান নতুন করে ব্যালেস্টিক মিসাইল ‘আবদালি’ সিস্টেমের সফল পরীক্ষা করেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, এটি ‘সারফেস টু সারফেস’ মিসাইল, যার রেঞ্জ ৪৫০ কিলোমিটার। অর্থাৎ, এই মিসাইল ৪৫০ কিমি দূরে টার্গেট আঘাত করতে সক্ষম। সামরিক মহড়ার অংশ হিসেবে পাকিস্তানের ‘সিন্ধু’ মহড়াতেই এই মিসাইল পরীক্ষা চালানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর প্রস্তুতির মাত্রা যাচাই করা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা এই পরীক্ষাকে ‘জাতীয় সুরক্ষা রক্ষার অঙ্গ’ বলে বর্ণনা করেছেন। তাঁদের মতে, দেশের প্রতিরক্ষা বাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
এদিকে, ভারতও সম্প্রতি একের পর এক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে — আকাশ, স্থল ও জলপথ জুড়ে শক্তি প্রদর্শন করছে। বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান প্রায়শই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে, যার জবাবে ভারতও কড়া প্রতিক্রিয়া দিচ্ছে।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও সঙ্কটময় হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অঞ্চলজুড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানালেও, বাস্তবে উভয়পক্ষই নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে।






