কলকাতারাজনীতি

ইকোপার্কে সৌজন্য না ক্রোনোলজি? দিলীপ-আফতাব সাক্ষাৎ ঘিরে চাপানউতোর

নিউটাউনের ইকোপার্কে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতির পারদ ফের চড়ল। রবিবার সকালে রাজ্যের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন রাজারহাট নিউটাউনের তৃণমূল যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। জানালেন, দিলীপ ঘোষের “দ্বিতীয় ইনিংস” অর্থাৎ বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানাতেই এসেছিলেন তিনি।

আফতাব বলেন, “দিলীপদার সঙ্গে নিয়মিত ইকোপার্কে দেখা হয়। আজ শুভেচ্ছা জানালাম। দিলীপদা বললেন প্র্যাকটিস করতে হবে। আমি বললাম খেলা হবে। উনি বললেন খেলা তো হবেই।” পাশাপাশি তিনি দাবি করেন, এই সাক্ষাতে কোনো রাজনৈতিক বার্তা নেই। দিলীপ ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কিছু বলতেও নারাজ তিনি, সব ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন।

অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “আমাদের পাড়ার ছেলে, আগে গো-ব্যাক বলত, এখন ফুল দিচ্ছে। এখন সব পার্টির লোক আমাকে নেতা বলছে, জানি না আমার কী গুণ দেখছে। সকলকে শুভেচ্ছা জানাই।”

দীঘায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিজেপির অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর থেকে দিলীপ ঘোষ কার্যত একঘরে। এই প্রেক্ষাপটে তৃণমূল নেতার সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ রাজনীতির নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে মহল। প্রশ্ন উঠছে, ‘দীঘা থেকেই কি শুরু হল নতুন ক্রোনোলজি?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.