জেলা

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের সায়, ১০০০ জনের জমায়েতের অনুমতি—কী কী শর্ত?

শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। তবে জমায়েতের সংখ্যা সর্বাধিক ১০০০ জনে সীমাবদ্ধ রাখা হয়েছে।

আদালতের নির্দেশে স্পষ্ট করা হয়েছে, সভাকে কেন্দ্র করে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব উদ্যোক্তাদের।

কালীঘাট তৃণমূলের তরফে ওই মাঠে ২০০০ মানুষের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু মাঠটি তুলনামূলক ছোট হওয়ায় আপত্তি জানায় রাজ্য। আদালতে রাজ্যের তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখতে হয়। ফলে ২০০০ মানুষের জমায়েত হলে ভিড়ের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুক্তির বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, একই এলাকায় এর আগে বড় জমায়েতের নজির রয়েছে। শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলেও আদালতে উল্লেখ করেন তিনি।

দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত সর্বাধিক ১০০০ জনকে নিয়ে সভার অনুমতি দেয়। ফলে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সংখ্যক মানুষকে নিয়েই কর্মসূচি করতে হবে উদ্যোক্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.