নারীর আত্মসম্মান ও নিরাপত্তা প্রশ্নে বরাবরই অনমনীয় অবস্থানে থেকেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনা বা গুঞ্জনে তিনি মুখ না খুললেও, সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তাঁর বক্তব্য বরাবরই স্পষ্ট, দৃঢ়। মানসিক অবসাদ, ইভ-টিজিং বা জনসমক্ষে নারীদের বিরুদ্ধে বাড়তে থাকা অশালীন আচরণ— প্রতিটি ক্ষেত্রেই তিনি তুলে ধরেছেন নিজের অবস্থান। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি এক জনপ্রিয় প্রসাধনী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে রাস্তাঘাটে মহিলাদের উপর চলা হেনস্থা ও অশালীন মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি জানালেন,“অনেক হয়েছে চুপ করে থাকা। প্রতিবাদকে আরও তীক্ষ্ণ করতে হবে।”
এই বিষয়েই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ঐশ্বর্য। ভিডিওটিতে তিনি স্পষ্ট জানান, পথেঘাটে হেনস্থার মুখোমুখি হলে নীরব থাকা বা চোখ নামিয়ে এড়িয়ে যাওয়ার প্রচলিত পরামর্শ একেবারেই ভুল। তাঁর কথায়,“চুপ করে থাকা মানে অন্যায়কে উৎসাহ দেওয়া। চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে। ভয়কে পাত্তা দিলে চলবে না।”
নারী সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধেও সরব হন তিনি। পোশাক, মেকআপ বা লিপস্টিককে দায়ী করার প্রবণতাকে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন,“নারীর হেনস্থার নেপথ্যে তাঁর পোশাক কখনওই কারণ নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি।”
ঐশ্বর্যের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু নেটিজেন তাঁর স্পষ্ট বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, তাঁর এই বার্তা নারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাস্তবিকই সহায়ক হবে এবং সমাজে পরিবর্তনের পথে নতুন আলো ফেলবে।







