পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে সফল হামলা চালিয়ে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে ভারতীয় সেনা। কেন্দ্রের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে একজোট হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্টভাবে জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে কেন্দ্রের পাশে আছেন তিনি।
মমতার বক্তব্য, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়ব। এই সময় বিভেদ নয়, একতা দরকার। আমরা সবাই দেশের পক্ষে।” এই মন্তব্যে রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া মিললেও, বিজেপি নেতা দিলীপ ঘোষ পুরো বিষয়টিকে নাটক বলেই দাবি করেছেন। তাঁর মতে, জনগণের চাপে পড়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধীরা কেন্দ্রের পাশে থাকার ভান করছেন।
দিলীপ ঘোষ বলেন, ‘‘১০ কোটি মানুষ কেন্দ্রের পাশে আছে। সেনার পাশে আছে। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তাতেই আমরা আছি। কিন্তু বিরোধীদের মন থেকে এই সমর্থন নয়, এটা জনমতের চাপে বলা।’’
তাঁর আরও অভিযোগ, ‘‘কমিউনিস্ট পার্টি কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে মুখ খোলে না। কংগ্রেসও তা করে না। আর কংগ্রেসের বাই-প্রোডাক্ট হল তৃণমূল। তাই জনমতের চাপে আজ ওদের ‘মিউ মিউ’ করতে হচ্ছে।’’
পুলওয়ামার সময় বিরোধীদের অবস্থানের কথা টেনে এনে দিলীপ জানান, তখন নানা প্রশ্ন তোলা হয়েছিল। এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধীরা প্রকাশ্যে কেন্দ্রের পাশে থাকলেও, তিনি মনে করেন, সেটা শুধুই লোকদেখানো।
এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণ আবারও এক নতুন আলোচনার কেন্দ্রে।
আপনি কি মনে করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনীতি হওয়া উচিত?







