চারধাম যাত্রায় এবার আরও গতি আসতে চলেছে। দিল্লি থেকে অনেক কম সময়ে পৌঁছনো যাবে ঋষিকেশে। শুধু তাই নয়, নতুন যোগাযোগ ব্যবস্থা চালু হলে কেদারনাথ ও বদ্রীনাথ ধামেও পৌঁছনোর সময় প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা কমে যেতে পারে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে প্রস্তাবিত মেরঠ-ঋষিকেশ নমো ভারত করিডোর এবং নির্মীয়মাণ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলপথ।
প্রকল্পের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মোট ১২৭ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ১০৫ কিলোমিটারই তৈরি হচ্ছে সুড়ঙ্গের ভিতর দিয়ে। দুর্গম হিমালয় অঞ্চলে এমন বৃহৎ রেল প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে মেরঠ থেকে হরিদ্বার হয়ে ঋষিকেশ পর্যন্ত ‘নমো ভারত’ রেল সংযোগের পরিকল্পনাও দিল্লি-ঋষিকেশ যোগাযোগে বড় পরিবর্তন আনতে পারে। দিল্লি থেকে মেরঠ পর্যন্ত নমো ভারত পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। প্রস্তাবিত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে দিল্লি থেকে ঋষিকেশ যেতে সময় কমে প্রায় ২ থেকে ২.৫ ঘণ্টা হতে পারে।
ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলপথ চালু হলে গঢ়বাল হিমালয়ের প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ হবে। বর্তমানে সড়কপথে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পৌঁছতে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। নতুন রেলপথ চালু হলে সেই যাত্রার সময় কমে প্রায় আড়াই ঘণ্টায় নেমে আসতে পারে। ফলে দিল্লি থেকে কর্ণপ্রয়াগ যাওয়ার ক্ষেত্রে বর্তমানে প্রায় ১৩ ঘণ্টার যে সময় লাগে, তা কমে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হিমালয়ের কঠিন ও দুর্গম ভূপ্রকৃতির কথা মাথায় রেখেই এই রেলপথের পরিকল্পনা করা হয়েছে। ১২৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মধ্যে প্রায় ১০৫ কিলোমিটার পথই সুড়ঙ্গের মাধ্যমে নির্মিত হবে। ইতিমধ্যেই প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে। গত ১১ সেপ্টেম্বর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ‘এসকেপ টানেল-১’-এর খননকাজ শেষ হয়েছে। এর পরেই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হয়েছে।
রেল আধিকারিকদের দাবি, ২০২৯ সালের মধ্যে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে। তার আগেই ২০২৮ সালের মধ্যে রেলপথের একটি অংশ যাত্রীদের জন্য খুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে প্রকল্পটি সম্পূর্ণ হলে চারধাম যাত্রায় সময় ও যাত্রাপথ—দুই ক্ষেত্রেই বড় পরিবর্তন আসতে পারে।







