পহেলগাঁওয়ের হামলায় নির্দোষ হিন্দু পর্যটকদের নিশানা করে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ভারতীয় ও নেপালি নাগরিক রয়েছেন। হামলার নেপথ্যে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির হাত রয়েছে বলেই দাবি করছে ভারত। এরই প্রেক্ষিতে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে কড়া পদক্ষেপ নিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনও ওয়েব সিরিজ, সিনেমা, গান বা পডকাস্ট আর ভারতে সম্প্রচার করা যাবে না। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন চ্যানেল ও অন্যান্য প্রচারমাধ্যমকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে,”ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এমন কোনও বিষয়বস্তু যাতে প্রচারিত না হয়, তা নিশ্চিত করতে হবে। অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষতি করে বা হিংসা ছড়ায়, এমন কনটেন্টের উপরও নিষেধাজ্ঞা জারি থাকবে।”
এর আগে, হামলার ঘটনার পর ভারতের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের একাধিক অভিনেতা-অভিনেত্রী ও প্রভাবশালীদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল। এবার আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানি বিনোদন কনটেন্টের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।







