বিনোদন

‘শোলে’ ফিরছে নতুন রূপে — প্রথমবার বড়পর্দায় আসছে নিষিদ্ধ সমাপ্তি

হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম কালজয়ী ছবি শোলে এবার ফিরতে চলেছে একেবারে নতুন আঙ্গিকে। অত্যাধুনিক 4K রিস্টোরড ভার্সনে মুক্তি পাচ্ছে এই ক্লাসিক, সেই সঙ্গে থাকছে এক বিশেষ চমক—প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে ছবির আসল সমাপ্তি, যা ১৯৭৫ সালে সেন্সর বোর্ডের চাপে বাদ পড়েছিল।

১৯৭৫ সালে জরুরি অবস্থার সময়ে মতপ্রকাশের স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণ নেমে আসে। ঠিক সেই সময়েই সেন্সর বোর্ড আপত্তি তোলে শোলে-র মূল ক্লাইম্যাক্স নিয়ে। পরিচালক রমেশ সিপ্পি জানিয়েছেন, ছবির মুক্তির ঠিক আগে তাঁদের বাধ্য করা হয় ক্লাইম্যাক্স বদলাতে। অভিযোগ—আসল সমাপ্তি ছিল “অতিরিক্ত হিংস্র”, যা ইমার্জেন্সির আবহে প্রকাশ্যে দেখানো ঠিক হবে না।

তাহলে কী ছিল সেই আসল ক্লাইম্যাক্স?
যে সমাপ্তি দর্শক এত বছর ধরে দেখে এসেছেন, তাতে গব্বর সিংহকে পুলিশ গ্রেফতার করে এবং ঠাকুর বালদেব সিংহ আইন হাতে তুলে নেন না। কিন্তু সেলিম–জাভেদের লেখা আসল সমাপ্তিতে গল্পের মোড় সম্পূর্ণ ভিন্ন। সেখানে ঠাকুর নিজের কাঁটাওলা জুতো দিয়ে গব্বরকে হত্যা করেন—পরিবার ধ্বংসের প্রতিশোধ নেন ব্যক্তিগতভাবে। কোনও পুলিশি হস্তক্ষেপের সুযোগই থাকে না; ঠাকুরের হাতেই শেষ হয় গব্বরের গল্প। রমেশ সিপ্পির ভাষায়, “খুব বড় পরিবর্তন নয়, কিন্তু আসল সমাপ্তিতে ঠাকুরই গব্বরকে মেরে ফেলেন। সেন্সর বোর্ডের চাপেই সেই দৃশ্য বাদ দিতে হয়েছিল।”

৫০ বছর পর দর্শকের সামনে ‘নিষিদ্ধ’ সমাপ্তি
১৯৭৫ সালে মুক্তি পাওয়া শোলে এই বছর পা রাখল অর্ধশতকে। সেই উপলক্ষে রমেশ সিপ্পি আনছেন Sholay: The Final Cut, যেখানে থাকবে ছবির সেই ‘হারানো’ ক্লাইম্যাক্স। ১২ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই সংস্করণ ঘিরে ইতিমধ্যেই উত্সাহ তুঙ্গে সিনেমাপ্রেমীদের মধ্যে।

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন, অমজাদ খান, আসরানি-সহ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা তারকাসমৃদ্ধ এই ছবির পুনরায় মুক্তি কি ভারতীয় বক্স অফিসে নতুন অধ্যায় লিখবে? সময়ই বলবে। তবে ৫০ বছর পর ‘আসল শোলে’ দেখার সুযোগ যে ঐতিহাসিক, তা বলাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.