ভূত চতুর্দশীর আবহে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হইচইয়ের জনপ্রিয় হরর সিরিজ ‘পর্ণশবরীর শাপ’। পরের বছর সেই ধারাবাহিকতার দ্বিতীয় অধ্যায় ‘নিকষ ছায়া’ দর্শকের প্রশংসা কুড়ায়। প্রথম দুই সিজনে পরিচালকের ভূমিকা সামলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবার আরও ভয়ংকর, আরও শীতল সাসপেন্স নিয়ে আসছে ‘নিকষ ছায়া’ সিজন ২, যার দায়িত্ব এবার সামলাচ্ছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।
এখন নলবন চত্বরে চলছে টানা শুটিং।
এই সিজনের প্রধান আকর্ষণ হয়ে উঠছেন অভিনেতা পল্লব মুখোপাধ্যায়। সিরিজে তিনি অভিনয় করছেন রহস্যময় ও ভয়ার্ত চরিত্র ‘গেনু’— যার ফার্স্ট-লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখে রীতিমতো গা শিউরে ওঠে! প্রস্থেটিক মেকআপে পল্লবকে প্রায় চেনাই কঠিন। ভ্রূহীন মুখ, বিকট দাঁত, অস্বাভাবিক মুখাবয়ব— যেন জীবন্ত দুঃস্বপ্ন। চরিত্রে ঢুকতে প্রতিদিন প্রায় তিন ঘণ্টা ধরে করতে হচ্ছে জটিল মেকআপ।
আগের মতোই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তী— তাঁর ‘ভাদুড়িমশাই’ চরিত্র এবারও গল্পকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে।
চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হওয়া শুটিং চলবে পুরো মাসজুড়ে।
তবে সিরিজের মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা। হইচইয়ের এই নতুন সিজন ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল। এবার দেখার, ‘নিকষ ছায়া’ সিজন ২ কতটা ভয় ধরাতে পারে বাঙালি দর্শকের রাতের ঘুমে।







