তৃণমূলের শিক্ষক সংগঠনে সদস্য সংখ্যা এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি হয়েছে। মাধ্যমিক শিক্ষক সংগঠনের সদস্য সংখ্যা ২৬ হাজার থেকে বেড়ে এখন প্রায় ৫০ হাজার। একইভাবে প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য সংখ্যা ৩৬ হাজার থেকে এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজারেরও বেশি। সংগঠনের নেতাদের দাবি, এই বৃদ্ধি প্রায় ১২০ শতাংশের মতো।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কাজ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সক্রিয় ভূমিকাই এই আস্থার পেছনে মূল কারণ। ব্রাত্য বসু শুধু শিক্ষামন্ত্রী নন, তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে ‘ওয়েবকুপা’র অধীনে ইতিমধ্যেই গঠিত হয়েছে ৩৫টি জেলা কমিটি ও ২২টি বিশ্ববিদ্যালয় কমিটি।
ওয়েবকুপার রাজ্য সভাপতি সেলিম বক্স মণ্ডল জানিয়েছেন, সংগঠনের ওয়েবসাইট চালুর পর থেকে সদস্য সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রায় সব জেলাতেই সদস্য বৃদ্ধি হয়েছে, এখনও সদস্য নবীকরণ চলছে।
তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা বিজন সরকার বলেন, “শিক্ষামন্ত্রী সরাসরি শিক্ষকদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করেন, ফলে শিক্ষকরা আস্থা রেখে আমাদের সংগঠনে যোগ দিচ্ছেন।” বীরভূমের মতো জেলায় ৮০ শতাংশ শিক্ষকই এখন তৃণমূলের সংগঠনের সদস্য।
প্রাথমিক স্তরেও একই চিত্র। সংগঠনের নেতা পলাশ সাঁধুখা জানান, শিগগিরই নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে এবং আরও শিক্ষক সংগঠনে যুক্ত হবেন বলে আশা।
এই নজরকাড়া প্রবৃদ্ধি তৃণমূলের শিক্ষক সংগঠনের ভিতকে আরও মজবুত করছে।







