২০১৬-১৭ অর্থবর্ষে শেষ রেল বাজেট পেশ হয়। তখন রেলমন্ত্রী পদে ছিলেন সুরেশ প্রভু। পরবর্তীতে কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই রেল বাজেট মিলিতভাবে পেশ করার রীতি আরম্ভ হয়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল মঙ্গলবার। কিন্তু তাতে রেলের উল্লেখ কোথায়? প্রায় দেড় ঘণ্টার বাজেট বক্তৃতায় মাত্র একবার শোনা গেল ‘রেলওয়ে’ শব্দটি।
অশ্বিনীর বৈষ্ণবের সেক্ষেত্রে বক্তব্য, ‘২০১৪ সালের আগে রেলের পরিকাঠামো খাতে বরাদ্দ থাকত ৩৫ হাজার কোটি টাকার আশেপাশে। সেটা আজ বেড়ে ২.৬২ লক্ষ কোটি টাকা। রেলের জন্য এই মূলধন রেকর্ড অঙ্কের। রেলে এই বিপুল বিনিয়োগের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ধন্যবাদ জানাই। তাঁর অভিযোগ, ‘২০১৪ সাল পর্যন্ত আগের ৬০ বছর রেলে নতুন নতুন ট্রেন ঘোষণা করা হত, কিন্তু রেল ট্র্যাক সেটার জন্য প্রস্তুত কিনা খতিয়ে দেখাই হত না। পরিকাঠামোর কথা ভাবাই হত না। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নজর সেদিকেই।’
সাধারণত কোনও ট্রেনে এক তৃতীয়াংশ কামরা থাকে বাতানুকূল এবং দুই তৃতীয়াংশ কামরা থাকে সাধারণের উদ্দেশে। সেই অনুপাতও অপরিবর্তিত রাখা হয়েছে বলে দাবি রেলমন্ত্রীর। বাতানুকূল নয় যে কামরাগুলো, তার টিকিটের চাহিদাও বেড়েছে বলে দাবি করেন অশ্বিনী। সেই কারণে আগামী তিন বছরে আড়াই হাজার নন-এসি কামরা তৈরির লক্ষ্যমাত্রা স্থির হয়েছে, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী।







