গাইঘাটা থানার অন্তর্গত এক চাঞ্চল্যকর ঘটনায় গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে গৃহবধূর প্রাক্তন প্রেমিক তরুণ গাইন, অভিজিৎ পাল, রাজা সাহা এবং তপব্রত ঢালী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগেই গৃহবধূর সঙ্গে তরুণ গাইনের সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক কিছুটা বজায় ছিল বলে দাবি পুলিশের। সম্প্রতি ওই সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিলে তরুণ প্রতিশোধ নিতে বন্ধুবান্ধবদের সাথে মিলে এক ষড়যন্ত্রে নামে।
অভিযোগ, এক রাতে দেখা করার নাম করে তরুণ গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর স্বরূপনগর থানার অন্তর্গত এক ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে।
এই মর্মান্তিক ঘটনার পর গৃহবধূ গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে। শনিবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।
এই মুহূর্তে নির্যাতিতাকে চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।







