নিট-ইউজি পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস বিতর্কের পর এবার স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা নিট পিজি ২০২৬-এর ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আগামী ৩০ আগস্ট দেশজুড়ে এক শিফটে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল এবং পরীক্ষার্থীবান্ধব করে তুলতেই এই সংস্কারগুলি আনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো প্রশ্নসংখ্যা কমানো। এতদিন যেখানে পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকত, এবার তা কমিয়ে করা হয়েছে ১৮০টি। তবে পরীক্ষার মোট সময় অপরিবর্তিত রেখে ৩ ঘণ্টা ৩০ মিনিট (২১০ মিনিট) নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা আগের তুলনায় বেশি সময় পাবেন, যা উত্তর দেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেবে।
এ বছর দেশের প্রায় ৩৪০টি শহরের ১,৩০০টিরও বেশি পরীক্ষাকেন্দ্রে এক শিফটে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্র বাছাইয়ের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম। আবেদন করার সময় পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি শহর নির্বাচন করতে পারবেন। এছাড়া পরীক্ষা শুরুর প্রায় তিন সপ্তাহ আগে অফিসিয়াল ওয়েবসাইটে টেস্ট-সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করা হবে, যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই যাতায়াত ও থাকার পরিকল্পনা করতে পারেন।
পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করতে পরিচয় যাচাই ব্যবস্থায়ও আনা হয়েছে পরিবর্তন। আবেদন থেকে পরীক্ষা—দুই ক্ষেত্রেই আধার-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনও পরীক্ষার্থীর আঙুলের ছাপ মিল না খায়, তাহলে আইরিস (চোখের মণি) স্ক্যান করে পরিচয় নিশ্চিত করা হবে। এর ফলে ভুয়ো পরিচয়ে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরে ২,৭৩,১৮৩ জন পরীক্ষার্থী নিট পিজির জন্য আবেদন করেছেন। যা গত বছরের তুলনায় ১২.৫ শতাংশেরও বেশি বৃদ্ধি। আবেদনকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন নিয়মগুলি পরীক্ষাকে আরও স্বচ্ছ ও পরীক্ষার্থীদের জন্য সহজতর করবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।







