উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছরের সঙ্গরু রাম একাকীত্ব কাটাতে ৩৫ বছরের এক যুবতীকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের রাত পেরোতেই আচমকাই মৃত্যু হয় বৃদ্ধের।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, এক বছর আগে মারা যান সঙ্গরুরামের প্রথম স্ত্রী। সন্তান না থাকায় একাই থাকতেন তিনি। কৃষিকাজের মাধ্যমেই চলত তাঁর সংসার। দীর্ঘ একাকীত্ব ভাঙতে গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন সঙ্গরুরাম। জালালপুরের বাসিন্দা মানভাবতি নামে ৩৫ বছরের ওই যুবতীর সঙ্গে প্রথমে আদালতে আইনি বিয়ে ও পরে মন্দিরে আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়।
মানভাবতির এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের পক্ষের এক পুত্র ও দুই কন্যা রয়েছে তাঁর। নববধূর দাবি অনুযায়ী, বিয়ের রাতে দু’জনেই সারারাত গল্প করে কাটান এবং স্বামী প্রতিশ্রুতি দেন সন্তানদের দায়িত্ব নেওয়ার পাশাপাশি মধুচন্দ্রিমায় যাওয়ারও। কিন্তু পরের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর।
গ্রামে এই ঘটনাকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে। কারও মতে, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবে অনেকেই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন। পরিবারের তরফ থেকে ময়নাতদন্তের দাবিও উঠেছে। বৃদ্ধের ভাই ও ভাইপো কর্মসূত্রে দিল্লিতে থাকায় এখনও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি।
এই মৃত্যুকে ঘিরে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে কুচমুচ গ্রামে।







