কয়েক লক্ষ বা কয়েক কোটি নয়, এক বছরে আয় ৭,৭৭৪ কোটি টাকা। বিশ্বের ধনকুবেরদের তালিকায় না থাকলেও বার্ষিক পারিশ্রমিকের নিরিখে নজির গড়েছেন বাঙালি কর্পোরেট কর্তা শঙ্খ মিত্র। আমেরিকার The Wall Street Journal-এর প্রকাশিত ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নির্বাহীদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর বার্ষিক পারিশ্রমিক ৮২১ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৭৭৪ কোটি টাকা। এই তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধু ইলন মাস্ক।
শঙ্খ মিত্র বর্তমানে মার্কিন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সংস্থা Welltower-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার (CIO)। সংস্থার ধারাবাহিক সাফল্য, সম্পদ সৃষ্টির দক্ষতা এবং শেয়ারমূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই তিনি এই বিপুল পারিশ্রমিক পেয়েছেন। ইতিমধ্যেই Welltower-এ তাঁর স্টকের মূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দীর্ঘমেয়াদে সংস্থায় থাকলে ২০৩১ সালের মধ্যে আরও বড় অংশীদার হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।
জন্মসূত্রে বাঙালি শঙ্খ মিত্রর বেড়ে ওঠা ভারতে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। পরে কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন PricewaterhouseCoopers-এ। এরপর Fidelity Investments, Citadel Investment Group এবং Millennium Management-এর মতো আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর ২০১৬ সালে Welltower-এ যোগ দেন। ২০২০ সালে তিনি সংস্থার সিইও হন।
এই তালিকায় আর এক ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন Palo Alto Networks-এর সিইও নিকেশ আরোরা। প্রায় ১০০ মিলিয়ন ডলারের পারিশ্রমিক নিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে। আর শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, যার বার্ষিক পারিশ্রমিক ১৫৮.৪ বিলিয়ন ডলার। বিশ্বের কর্পোরেট অঙ্গনে শঙ্খ মিত্রর এই সাফল্য শুধু বাঙালির নয়, গোটা ভারতের কাছেই এক গর্বের অর্জন।







