মুম্বইয়ের বর্ষা মানেই জলজট, যানজট এবং নিত্যদিনের ভোগান্তি। তবে এবার সেই দুর্ভোগের এক চমকে দেওয়া ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেতা মোহিত হীরানন্দানি। বিলাসবহুল আবাসনে থাকলেও বৃষ্টির জেরে যে কী দুর্দশার মুখে পড়তে হয়, তা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, প্রবল বর্ষণের কারণে তাঁর আবাসনের পাঁচটি লিফ্টই একসঙ্গে বিকল হয়ে পড়েছে। ফলে সারাদিনের কাজের শেষে অভিনেতাকে বাধ্য হয়ে ৩০ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। ভিডিওর সঙ্গে তিনি জানিয়েছেন, মাসে প্রায় ১ লক্ষ টাকা ভাড়া দেওয়ার পরও এমন ন্যূনতম পরিষেবার অভাব মেনে নেওয়া কঠিন। তাঁর কথায়, “’বিলাসবহুল’ বিল্ডিংয়ে থাকার জন্য মাসে প্রায় ১ লক্ষ টাকা দিচ্ছি, অথচ বৃষ্টি হলেই পাঁচটি লিফ্টই খারাপ হয়ে যায়। শেষে ৩০ তলা পর্যন্ত ট্রেকিং করার মতো হেঁটে উঠতে হচ্ছে।”
তবে দুর্ভোগ সেখানেই শেষ হয়নি। দীর্ঘ পথ পেরিয়ে নিজের ফ্ল্যাটে পৌঁছেও নতুন সমস্যার মুখোমুখি হন অভিনেতা। বাড়িতে ফিরে তিনি দেখেন, জল সরবরাহও বন্ধ। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “তারপর বাড়ি ফিরে দেখবেন, জলও নেই। বাহ, মুম্বইয়ের জীবন!”
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন মন্তব্য করে জানান, মুম্বইয়ের একাধিক বহুতলেও বর্ষাকালে একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, বিপুল ভাড়া বা রক্ষণাবেক্ষণের খরচ নেওয়া হলেও কেন বর্ষার সময় এমন মৌলিক পরিষেবার ব্যর্থতা বারবার সামনে আসে। অভিনেতার এই অভিজ্ঞতা ফের একবার মুম্বইয়ের আবাসন ব্যবস্থার পরিকাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।







