সাতসকালে কেঁপে উঠলো টিটাগড় । টিটাগড়ে ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়ংকর বিস্ফোরণ । বিস্ফোরণের জেরে উড়ে যায় চারতলার দেওয়ালের একটি অংশ। ভয়াবহ বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়ির টালির চালও। জানা গেছে , যেখানে বিস্ফোরণ হয় , ওই ফ্ল্যাটটি ফাঁকাই ছিলো এবং সাতসকালে ফাঁকা ফ্ল্যাটেই জোড়ালো বিস্ফোরণ হয় ।
সোমবার ভোর ৬ টা ৪০ মিনিটে বিস্ফোরণ হয় বলে খবর । তবে কিভাবে এই বিস্ফোরণ , তা এখনো জানা না গেলেও , ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ । পুলিশের তরফে সমস্ত এলাকাও ঘিরে ফেলা হয়েছে । বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পাশের ঘনবসতি এলাকায় ।
উল্লেখ্য যে আবাসনের চার তলার ফ্ল্যাটে বিস্ফোরণ হয়ে , সেখানেই তিনতলার ফ্ল্যাটে থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল । ওই আবাসনের প্রোমোটার জানিয়েছেন , তিনি কাউন্সিলরকে ফ্ল্যাটটি দিয়েছিলেন ভোটের সময় ব্যবহারের জন্য । কিন্তু তিনি আর ফ্ল্যাটটি ফেরৎ দেননি , যদিও ফ্ল্যাটটি ফাঁকা ছিল বলেই খবর । প্রোমোটার জানিয়েছেন , “৪০-৪২টি ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটটি আরমান মণ্ডলের কাছে দেওয়া ছিল। পরে চেয়েছিলাম, কিন্তু ফেরত পাইনি। চেয়ারম্যানের কাছে যেতে বলেছিলেন।”
কাউন্সিলর আরমান মণ্ডল বিস্ফোরণের বিষয় বলেন, “প্রথমেই আমি এই ঘটনার নিন্দা জানাই। খুব বাজে ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখুক। সামনে নির্বাচন রয়েছে, বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে”। পাশাপাশি প্রোমোটারের ফ্ল্যাট ফেরত না দেওয়ার অভিযোগের জবাবে কাউন্সিলর বলেন, “আমি লোকজনকে ঘরের ব্যবস্থা করে দিই, আমি ঘর নিই না। এতদিন অভিযোগ উঠল না, আজই কেন অভিযোগ করছে? মা-বোনদের জিজ্ঞাসা করুন আমার রেকর্ড কী। আমি কেন ঘর নেব। আমার ঘর নেই ওখানে। এটা কমিউনিটি হলের মতো পড়ে থাকত। লিফটের না লাগানোর জন্য বকা দিয়েছিলাম। আল্লাহর কৃপা যে কিছু হয়নি। টিটাগড়ে কোনও অশান্তি হয় না, সবাই শান্তিতে মিলেমিশে থাকে।”







