মুহুর্মুহু ‘জয় হিন্দ’ ধ্বনি আর হাতে ধরা তেরঙা পতাকার ভিড়ে যেন এক অন্যরকম উৎসবের আবহ। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার পর পাঞ্জাব সীমান্তে কর্তব্যরত অবস্থায় ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আটক হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। দীর্ঘ ২১ দিনের উদ্বেগ কাটিয়ে অবশেষে আজ হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস থেকে নামতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
স্টেশনে উপচে পড়া ভিড়ের মাঝে এক ঝলক দেখা গেল পূর্ণমকে। রেল পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাঁকে ভিড়ের মধ্য থেকে বের করে আনতে। এই অভাবনীয় ভালোবাসায় আপ্লুত জওয়ান বলেন, “আপনাদের প্রার্থনার জন্যই আমি নিজের দেশে ফিরে আসতে পেরেছি।”
গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন পূর্ণম। পরে জানা যায়, তিনি পাকিস্তানের রেঞ্জার্সদের হাতে আটক হয়েছেন। সেই দিন থেকেই তাঁর বাড়ি ফেরা নিয়ে গোটা দেশে উদ্বেগ ছিল। বিশেষত, পূর্ণম যখন পাকিস্তানে ছিলেন, সেই সময় ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছিল। ১৪ মে আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেও, বিভিন্ন শারীরিক পরীক্ষা ও কাউন্সেলিংয়ের জন্য তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। বিএসএফ সূত্রে খবর, তাঁকে পাকিস্তানে আটক রাখা নিয়ে প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে এবং কিষান গার্ডের (২৪ নম্বর ব্যাটালিয়ন) জওয়ান হিসেবে কীভাবে তিনি আটক হলেন, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
অবশেষে সমস্ত প্রক্রিয়া শেষে আজ তিনি হাওড়ায় নামলেন। হাওড়া থেকে তিনি ফিরবেন হুগলির রিষড়ার বাড়িতে। ছেলের ফেরার আনন্দে মা লুচি তৈরি করে রেখেছেন। পূর্ণমের স্ত্রী এই দিনটিকে তাঁদের কাছে “দিওয়ালি” বলে আখ্যা দিয়েছেন। দীর্ঘ উৎকণ্ঠার রাত পেরিয়ে পূর্ণমের ঘরে ফেরা যেন এক নতুন আনন্দ নিয়ে এসেছে পরিবারে।







