দেশ

এসআইআর নিয়ে প্রশ্ন তুললেন যোগীর মন্ত্রিসভার সদস্যই, বারাণসীতে একাধিক বুথে একই ভোটারের নামের অভিযোগ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে এ বার প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যই। নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর অন্তর্গত বারাণসী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা উত্তরপ্রদেশ সরকারের প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী কেন্দ্রে একাধিক ভোটকেন্দ্রে একই ভোটারের নাম নথিভুক্ত রয়েছে।

শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ঘুরে দেখার পর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) সত্যেন্দ্র কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন রবীন্দ্র। সেই বৈঠকে তিনি ৯,২০০ জন ভোটারের একটি তালিকা তুলে দেন। তাঁর দাবি, এই সব ভোটারের নাম একাধিক স্থানের ভোটার তালিকায় রয়েছে।

রবীন্দ্র জয়সওয়ালের অভিযোগ,

“আমরা ৯,২০০টি নাম চিহ্নিত করেছি, যাঁরা একাধিক ভোটার তালিকায় নথিভুক্ত। প্রতিটি ক্ষেত্রেই শারীরিক ভাবে যাচাই করে এই তালিকা তৈরি করা হয়েছে।”

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বারাণসী উত্তরের বিধায়ককে বলতে শোনা যায়,

“আমি বিশ্বাস করি, ভারতের প্রতিটি নাগরিকের নাম শুধুমাত্র একটি জায়গার ভোটার তালিকায় থাকা উচিত। যদি একই ব্যক্তির নাম একাধিক বুথে থেকে যায়, তা হলে এসআইআর করে লাভ কী? এসআইআরের উদ্দেশ্যই হল গভীর ও পুঙ্খানুপুঙ্খ যাচাই।”

উল্লেখ্য, তিন দফায় সময়সীমা বৃদ্ধির পরে গত ৬ জানুয়ারি উত্তরপ্রদেশে এসআইআর পর্বের প্রথম ধাপ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এনুমারেশন ফর্ম জমা ও যাচাইয়ের পর যোগীর রাজ্যে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।

বিজেপি সূত্রের খবর, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কাতেই আগেই ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলের অন্দরে জল্পনা, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি রাজনৈতিক ভাবে অস্বস্তিতে ফেলতে পারে রাজ্য নেতৃত্বকে। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী যোগীকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে পারেন—এমন আশঙ্কাও নাকি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও সেই কেন্দ্রীয় মন্ত্রীর নাম প্রকাশ্যে কেউ বলতে চাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.