ক্রাইমজেলারাজ্য

কিডনি পাচার কাণ্ডে বর্ধমানের নামী চিকিৎসকের বাড়িতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিপুল সম্পত্তি

কিডনি পাচার মামলায় বড়সড় পদক্ষেপ নিল সিবিআই। শনিবার গভীর রাতে বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় এক নামী চিকিৎসকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধি দল বর্ধমানে এসে উপস্থিত হয়। চিকিৎসকের বাসভবনে চলে রাতভর তল্লাশি, যা রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলে।

জানা গিয়েছে, ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কর্মরত। তাঁর স্ত্রী কলকাতার একটি মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত। তল্লাশির সময় চিকিৎসক বাড়িতে না থাকলেও, তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন।

তদন্তকারী সূত্রের দাবি, তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ২৪ লক্ষ টাকা নগদ, সোনা ও হিরের গয়না, মূল্যবান রত্ন, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও হার্ড ডিস্ক। সবই তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে।

এই তল্লাশি অভিযানের আগে সিবিআই যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশের সঙ্গে। পুলিশের সহযোগিতায় পুরো অভিযানটি চালানো হয়। প্রাথমিক অনুমান, চিকিৎসক কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সেই সূত্রেই অভিযান বলে জানিয়েছে সিবিআই।

ঘটনার পর চিকিৎসকের পরিবারের কেউ মুখ খুলতে চাননি। চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে। তদন্তের অগ্রগতি নিয়ে আপাতত কিছু জানায়নি সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.