পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ও বিগ বাজেটের ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং বাধাপ্রাপ্ত হল মুম্বইয়ের প্রবল বর্ষণের কারণে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট। বনশালির সঙ্গে এর আগেও ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’–তে কাজ করেছেন আলিয়া এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর মাধ্যমে ফের একবার পরিচালক-অভিনেত্রীর জুটি ফিরছে বড় পর্দায়।
তবে ছবির শুটিং শুরু হলেও তা আপাতত বন্ধ রাখতে বাধ্য হল নির্মাতা দল। জানা গেছে, গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে তৈরি হয়েছিল বিরাট সেট, যেখানে এই সপ্তাহে রণবীর কাপুর ও ভিকি কৌশলের লুক টেস্টের কথা ছিল। আলিয়া ভাট এই অংশে না থাকলেও, পুরো ইউনিট প্রস্তুত ছিল শুটিংয়ের জন্য। কিন্তু মুম্বইয়ের টানা বৃষ্টিতে সেটে জল জমে যায় এবং লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়, যার ফলে বহু টেকনিশিয়ান সময়মতো পৌঁছতে পারেননি। এছাড়া মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে সেটে পর্যাপ্ত আলো না থাকায় গুরুত্বপূর্ণ লুক টেস্ট সম্ভব হয়নি।
পরিচালক বনশালি কোনোভাবেই তাঁর ছবির মানের সঙ্গে আপস করতে রাজি নন, তাই ‘রেনি ডে’ ঘোষণা করে তিনি পুরো ইউনিটকে ছুটি দিয়ে দেন। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে ফের শুরু হবে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’।







