রাজনীতি

ভোট কারচুপির অভিযোগে রাহুলকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের, হলফনামা অথবা ক্ষমা চাইতে নির্দেশ

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোট কারচুপির অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ তোলেন যে, কর্নাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচনের সময় ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং ‘ভুয়ো ভোটার’ যুক্ত হয়েছে। কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভায় ১ লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
এই অভিযোগের পরই নির্বাচন কমিশন দ্রুত প্রতিক্রিয়া জানায়। রাজ্য নির্বাচন আধিকারিকদের মাধ্যমে কমিশন রাহুলকে নির্দেশ দেয়, তিনি যেন ওই ‘ভুয়ো ভোটারদের’ নাম ও প্রমাণ নথি জমা দেন। পাশাপাশি কমিশনের সাফ বার্তা— যদি তাঁর অভিযোগ সত্য হয়, তবে তা হলফনামা দিয়ে শপথ করে স্বীকার করুন। আর যদি প্রমাণ দিতে না পারেন, তবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
রাহুল শুক্রবার পাল্টা জবাবে জানান, “আমি ইতিমধ্যেই সর্বসমক্ষে এই কথা বলেছি, সেটাই আমার শপথ।” তবে কমিশন এতে সন্তুষ্ট হয়নি। শনিবারও তারা কংগ্রেস নেতাকে একই শর্ত পুনরায় জানিয়ে দেয়— হলফনামা অথবা ক্ষমা।
বৃহস্পতিবার রাহুল কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে কারচুপির অভিযোগ আনেন। তাঁর বক্তব্যে মহারাষ্ট্রের পাশাপাশি হরিয়ানা ও কর্নাটকের কথাও উঠে আসে। কমিশন এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার জন্য বিরোধী দলনেতার কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস দাবি করছে, রাহুলের বক্তব্য গণতান্ত্রিক অধিকারের প্রকাশ, আর বিজেপি ও কমিশন একযোগে তাঁকে চাপে ফেলতে চাইছে। অন্যদিকে, কমিশনের বক্তব্য, প্রমাণ ছাড়া এই ধরনের গুরুতর অভিযোগ নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করে।
এই টানাপোড়েনের মধ্যেই নজর এখন রাহুলের পরবর্তী পদক্ষেপের দিকে— তিনি কি হলফনামা জমা দেবেন, নাকি ক্ষমা চাইবেন, নাকি লড়াই আরও তীব্র করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.