নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত পৌরাণিক এপিক সিনেমা ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনর পারদ ক্রমেই চড়ছে। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার যশের ‘রাবণ’ লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন। বৃহস্পতিবার রামায়ণের শুটিং সেট থেকে ফাঁস হওয়া বেশকিছু ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
ছবিতে দেখা যায়, হলিউডের বিখ্যাত স্টান্ট ডিরেক্টর গাই নরিশ (Guy Norris) যশের সঙ্গে শট নিয়ে আলোচনা করছেন। ‘ম্যাড ম্যাক্স: ফুরি রোড’ (Mad Max: Fury Road) ও ‘দ্য সুইসাইড স্কোয়াড’ (The Suicide Squad)-এর মতো বিশ্ববিখ্যাত ছবির অ্যাকশন কোরিওগ্রাফার গাই নরিশ বর্তমানে ভারতে রয়েছেন ‘রামায়ণ’-এর শুটিংয়ের কাজে। ছবির প্রথম ভাগের শুটিংয়ের জন্য বরাদ্দ রয়েছে ৬০ থেকে ৭০ দিন। জানা গিয়েছে, অত্যাধুনিক ভিএফএক্স এবং বিশাল বাজেটেই তৈরি হচ্ছে এই ছবিটি।
হলিউড রিপোর্টার ইন্ডিয়া (Hollywood Reporter India)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে যশ জানিয়েছেন,”যদি রাবণ চরিত্রটাকে পুরোপুরি জীবন্ত করে না তোলা যায়, তাহলে এই ছবি অর্থহীন হয়ে যাবে। এই ধরনের বড় মাপের প্রজেক্টে সবাইকে তারকা খ্যাতির বাইরে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সিনেমাটাকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।” রাবণের চরিত্র সম্পর্কে যশ আরও বলেন,”এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। যদি কেউ জিজ্ঞেস করে আমি অন্য কোনও চরিত্র করতে চাই কি না, তবে আমার উত্তর হবে ‘না’। কারণ, এই চরিত্রে নিজেকে মেলে ধরার অনেক সুযোগ রয়েছে। আশা করি দর্শকদের কাছে এই চরিত্রটা এক নতুন মাত্রা নিয়ে আসবে।”
নায়ক-নায়িকা থেকে পার্শ্বচরিত্র, সব চরিত্রেই থাকছে তারকার মেলা। ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। ইতিমধ্যেই রণবীরের অংশের শুটিং শেষ হয়েছে। হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং লক্ষ্মণ হিসেবে দেখা যাবে রবি দুবেকে। শূর্পণখা চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং এবং কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত। ‘রামায়ণ’ সিনেমাটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মাইথোলজিক্যাল এপিকের জন্য।







