রাজনীতি

খেজুরিতে মহরমের রাতে নৃত্য অনুষ্ঠানে মৃত্যু দুই যুবকের, উত্তপ্ত এলাকা — সোমবার খেজুরি বনধের ডাক শুভেন্দু অধিকারীর

মহরম উপলক্ষে নৃত্য অনুষ্ঠানের মাঝেই মৃত্যু হল দুই যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খেজুরির পশ্চিম ভাঙ্গনমারি গ্রামে। মৃতদের নাম সুজিত দাস (পূর্ব ভাঙ্গনমারি) ও সুধীর চন্দ্র পাইপ (ঝাঁটিহারি)। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। শনিবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

স্থানীয়দের দাবি, রাত দুই নাগাদ রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জনকা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। কীভাবে মৃত্যু ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার খেজুরি গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ও সোমবার খেজুরিতে বনধের ডাক দেন।

শুভেন্দুর তোপ তৃণমূলের দিকে
ঘটনা প্রসঙ্গে টুইটে শুভেন্দু লেখেন, “মহরম নৃত্য অনুষ্ঠানে দুই সনাতনী যুবকের মৃত্যু গভীরভাবে মর্মাহত করে। মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যু সন্দেহজনক। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হোক। যতদিন না সত্য উদঘাটিত হচ্ছে, আমরা নীরব থাকব না।”

তিনি আরও বলেন, “এটা খুন, তৃণমূলের দুষ্কৃতীরাই দায়ী। সোমবার খেজুরিতে বনধ, আমি নিজে মিছিলে নেতৃত্ব দেব।”

বিজেপির দাবি: রাজ্যের পুলিশের উপর ভরসা নেই
বিজেপি নেতা পবিত্র দাস বলেন, “মালদা ও মুর্শিদাবাদের ঘটনার পুনরাবৃত্তি খেজুরিতে। রাজ্য পুলিশ প্রমাণ লোপাট করবে। তাই কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে নামতে হবে।”

তৃণমূলের পাল্টা দাবি: চক্রান্ত করে আমাদের ফাঁসানোর চেষ্টা
তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করছে, প্রকৃত তথ্য উঠে আসবে।”

পুলিশের বক্তব্য
খেজুরি থানার ওসি প্রলয় চন্দ্র বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তদন্ত শুরু হয়েছে।”

ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। কিন্তু দুই যুবকের মৃত্যু ঘিরে ফের একবার রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.