বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর কটা মাসের অপেক্ষা। সেই সঙ্গে জমে উঠছে পুজোর প্রস্তুতি। এই উৎসব ঘিরে যেমন রয়েছে নতুন জামাকাপড়ের প্ল্যান, তেমনই রয়েছে নতুন সিনেমা দেখার পরিকল্পনাও। গত কয়েক বছর ধরেই পুজোতে ছবি মুক্তি টলিউডের একটি ট্রেন্ড হয়ে উঠেছে। উৎসবের আমেজে বাঙালিদের হলমুখী করতে একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থা হাজির হচ্ছেন নানা রকম ছবি নিয়ে। সেই ধারা মেনে এবারের পুজোতেও বড় পর্দায় আসছে একাধিক প্রতীক্ষিত বাংলা ছবি।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দেব অভিনীত রঘু ডাকাতের গল্প। বহু প্রতীক্ষিত এই ছবির শ্যুটিং নানা কারণে বারবার পিছিয়ে গিয়েছিল। তবে সব জট কাটিয়ে শুরু হয় ছবির কাজ। ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও রূপা গঙ্গোপাধ্যায়কে। অষ্টাদশ শতাব্দীর বাংলায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ‘মসিহা’ রঘু ডাকাতের কাহিনি নিয়েই গড়ে উঠেছে এই ছবির গল্প। ‘লার্জার দ্যান লাইফ’ কনসেপ্টে তৈরি এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের সেরাটুকু দিতে প্রস্তুত দেব। ‘গোলন্দাজ’-এর পর ফের ধ্রুব-দেব জুটি একসঙ্গে কাজ করছেন বলেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
টলিউডে ইতিহাস ও সাহিত্য নির্ভর ছবির জনপ্রিয়তা আবার ফিরছে। সেই ধারায় নতুন সংযোজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি ‘দেবী চৌধুরানী’। ছবিটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র। ছবির অন্যতম আকর্ষণ শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়ের প্রফুল্ল ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবাণী পাঠকের চরিত্রে অভিনয়। ১৭৭০ থেকে ১৭৮০ সালের বাংলার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উৎসবের মরসুমে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি মুক্তির নজির আগে না থাকলেও ২০২৩ সালে সেই ধারা ভেঙে পুজোয় মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। তারই সিক্যুয়েল হিসেবে এবার আসছে ‘রক্তবীজ ২’। প্রথম ছবির মতো এবারও পরিচালনায় থাকছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথম ছবির মতো এই সিক্যুয়েলেও থাকছে বিশাল ক্যানভাস। ‘বহুরূপী’ যেখানে ৮৪টি লোকেশনে শ্যুট হয়েছিল, সেখান থেকে আরও একধাপ এগিয়ে যাবে ‘রক্তবীজ ২’-এর শ্যুটিং। যদিও ছবিতে অভিনয় করছেন না শিবপ্রসাদ নিজে। ক্যামেরার পিছনেই থাকছেন তিনি ও নন্দিতা রায়।







