ভারতীয় ফুটবলের স্থানান্তর বাজারে চলছে তুমুল আলোড়ন। তারই মাঝে দুই প্রতিভাবান ফুটবলারের সম্ভাব্য গন্তব্য ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে ভারতের জাতীয় দলের উদীয়মান ডিফেন্ডার অভিষেক টেকচাম সিং-কে নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল, অন্যদিকে পাঞ্জাব এফসির অভিজ্ঞ সেন্টার-ব্যাক মেলরয় অ্যাসিসিকে সই করাতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি।
মাত্র ২০ বছর বয়সেই অভিষেক দেশের অন্যতম সম্ভাবনাময় ফুল-ব্যাক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আইএসএল ২০২৪-২৫ মরসুমে পাঞ্জাব এফসির হয়ে ২২টি ম্যাচ খেলেছেন, আটটি সুযোগ তৈরি করে ও ৮৬টি ডুয়েল জিতে নজর কেড়েছেন। ভারতের হয়ে অভিষেক হয়েছে মালদ্বীপের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে, যেখানে দেশের হয়ে জয় ও ক্লিন শিটে অবদান রেখেছেন তিনি।
অন্যদিকে, মেলরয় অ্যাসিসি একজন বল-প্লেয়িং সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত, যিনি প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছিলেন ২০২৩ সালে এবং ২৬টি ম্যাচে অংশগ্রহণ করে একটি গোল করেন। তাঁর অভিজ্ঞতা ও বহুমুখিতা ডায়মন্ড হারবারের রক্ষণে নতুন শক্তি জোগাবে বলেই মনে করা হচ্ছে।
কিবু ভিকুনার অধীনে ডায়মন্ড হারবার এফসি পরপর দুটি লিগ জিতে আই লিগে উঠে এসেছে। এবার তাদের লক্ষ্য আরও উচ্চতর—আইএসএল। তাই দলগঠনে এই সিদ্ধান্তগুলো যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনারই অঙ্গ, তা বলাই বাহুল্য। অন্যদিকে, টেকচামের আগমনে ইস্টবেঙ্গলের রক্ষণে দেখা যেতে পারে এক নতুন দিশা।







