দেশজুড়ে যখন যুদ্ধ-উত্তেজনার আবহ, তখন পরপর তিন দিনে তিনটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়ামে উড়িয়ে দেওয়ার হুমকি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ক্রীড়ামহল ও নিরাপত্তা ব্যবস্থাকে। ইডেন গার্ডেন্স ও জয়পুর স্টেডিয়ামের পর এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও মেল মারফত এমনই হুমকি আসায় বাড়ানো হয়েছে নিরাপত্তা, শুরু হয়েছে পুলিশের তদন্ত।
শুক্রবার সকালে দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)-র এক কর্তা এই হুমকি মেল পান। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। এরপর পুলিশ আধিকারিকরা স্টেডিয়াম ঘুরে দেখেন, নিরাপত্তা খতিয়ে দেখা হয়, বাড়ানো হয় কড়া নজরদারি। যদিও এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে কোনও ম্যাচ ছিল না, তবে সূচি অনুযায়ী রবিবার দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্সের খেলা হওয়ার কথা ছিল। তবে তার আগেই ভারত-পাক উত্তেজনার জেরে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই।
ডিডিসিএ-র কর্তা জানান, “সকালে আমরা হুমকি মেল পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় ও তদন্ত শুরু হয়েছে। স্টেডিয়ামের প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে।” নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কোনও বিপদের সম্ভাবনা না থাকলেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে।
এর আগে বুধবার ইডেনে ও বৃহস্পতিবার জয়পুরের স্টেডিয়ামে একই ধরনের হুমকি মেল আসে। ইডেনে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ নির্বিঘ্নে শেষ হলেও আতঙ্ক ছড়ায় গোটা ঘটনায়। জয়পুরেও স্টেডিয়াম খালি করে তল্লাশি চালানো হয়। টানা তিন দিন এই ধরণের হুমকিতে জাতীয় নিরাপত্তা ও ক্রীড়া পরিকাঠামোর উপর আস্থা ও সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
এই অবস্থায় বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে, যাতে কোনও সম্ভাব্য বিপর্যয় এড়ানো যায়।







