টি–২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত আফগান তারকা Rashid Khan। কিন্তু টি–২০ বিশ্বকাপ চলাকালীনই বড় সিদ্ধান্ত নিল Afghanistan Cricket Board। নেতৃত্ব হারালেন রশিদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানের টি–২০ দলের নতুন অধিনায়ক করা হল ওপেনার Ibrahim Zadran-কে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজেই প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দেবেন জাদ্রান। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলা এই সিরিজকে সামনে রেখেই হঠাৎ অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
রশিদ খানকে নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা অবশ্য নতুন নয়। বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছিল বোর্ডের অন্দরে। ২০২৪ সালের টি–২০ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। কিন্তু এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। সুপার এইটেও উঠতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আফগানদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাটকীয় ডাবল সুপার ওভারে হারের পর থেকেই দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এই পরিস্থিতিতেই বড় পরিবর্তনের পথে হাঁটল বোর্ড। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হল ইব্রাহিম জাদ্রানের হাতে, যিনি টি–২০ বিশ্বকাপে আফগান দলের সহ-অধিনায়ক ছিলেন।
শুধু অধিনায়ক বদল নয়, আসন্ন সিরিজের আগে দলে একাধিক পরিবর্তনও করেছে বোর্ড। Fazalhaq Farooqi, Gulbadin Naib এবং Mohammad Ishaq-কে টি–২০ ও ওয়ান ডে—দুই দল থেকেই বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই তিনজনই টি–২০ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন।
অন্যদিকে টি–২০ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার Noor Rahman, বাঁহাতি স্পিনার অলরাউন্ডার Sharafuddin Ashraf এবং বাঁহাতি পেসার Farid Ahmad Malik। ওয়ান ডে দলেও ফিরেছেন ফারিদ আমেদ মালিক।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজটি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহির Sharjah ও Dubai-তে। সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি–২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে দুই দল।
তবে পশ্চিম এশিয়ার উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজ আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে। Afghanistan Cricket Board পরিস্থিতির উপর নজর রাখছে বলেই জানা গেছে। তার মধ্যেই নতুন অধিনায়ককে সামনে রেখে দলকে নতুনভাবে সাজানোর পথে হাঁটল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।







