অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোসহীন নেতা ও মানবতাবাদী বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস বুধবার উদযাপিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে।
সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি, বেলদা শাখার উদ্যোগে বেলদা কেশিয়াড়ি মোড়ে দেশবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাজ্য কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী সমীর কুমার রায়, জেলা সম্পাদক ব্রতীন দাস, বেলদা শাখার সভাপতি ও প্রাক্তন শিক্ষক গোপাল বসু, অনন্ত জানা, সুধাংশু সাউ, অলক রঞ্জন ভট্টাচার্য, প্রদীপ দাস, প্রধান শিক্ষক অশোক জানা, ভবসিন্ধু বেরা সহ এলাকার বহু বিশিষ্ট নাগরিক।
বেলদা আঞ্চলিক শাখার সম্পাদক সুজন মাইতি জানান, “দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু শতবর্ষ চলছে। এই মহান মানবতাবাদী বিপ্লবীর জীবনাদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান আজ প্রায় বিস্মৃত, তাই আমরা সারা বছর তাঁর আদর্শ ও কর্মজীবনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করেছি। আজ তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধার্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সেই বার্তা আরও একবার স্মরণ করালাম।”
দেশবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় এলাকায় তৈরি হয়েছে গর্ব ও দেশাত্মবোধের আবহ।







