অনুব্রত মণ্ডলের অবিলম্বে গ্রেপ্তার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চন্দননগর মহকুমায় বেআইনি কার্যকলাপ ও দুষ্কৃতী দৌরাত্ম রুখতে পথে নামল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে ভদ্রেশ্বর গেটবাজার থেকে থানা অভিযানের ডাক দেয় হুগলি জেলা বিজেপি।
বিক্ষোভে নেতৃত্ব দেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। ভদ্রেশ্বর গেটবাজার থেকে একটি মিছিল শুরু হয় এবং দুপুর বারোটা নাগাদ ভদ্রেশ্বর থানার সামনে পৌঁছলে পুলিশের তরফে থানার প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সুরেশ সাউ-সহ বিজেপির এক প্রতিনিধি দল পরে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই থানার আইসির হাতে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অনুব্রত মণ্ডলের দ্রুত গ্রেপ্তার, মহকুমায় ক্রমবর্ধমান অপরাধ রোধ এবং নারীদের উপর অত্যাচার বন্ধের দাবি তোলা হয়েছে।
বিজেপির অভিযোগ, প্রশাসনের একাংশ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের মদত দিচ্ছে, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ভীষণভাবে বিপন্ন। তারা অভিযোগ করেন, প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার না হওয়াই অপরাধ বাড়ার অন্যতম কারণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার্থেই গেট বন্ধ রাখা হয়েছিল। ধস্তাধস্তি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







