জেলা

সাঁতার জানা প্রাণরক্ষকই গঙ্গায় হারালেন প্রাণ — শোকস্তব্ধ চুঁচুড়া

চুঁচুড়ার বড়বাজারে আজ শোকের ছায়া। যিনি জীবনে অগণিত মানুষকে গঙ্গায় ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছিলেন, সেই সুরিন্দর সাহানি (৫০) নিজেই গঙ্গার স্রোতে হারিয়ে গেলেন।

প্রতিদিনের মতোই শনিবার সকালে মাঠে দৌড়ে, পুরনো লঞ্চঘাটে স্নানে নেমেছিলেন তিনি। বরাবরের অভ্যেস। কিন্তু এদিন আর ফিরে ওঠা হল না তার। স্থানীয়রা জানায়, আচমকা তলিয়ে যান সুরিন্দরবাবু।

খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ছুটে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় তল্লাশি।

তপনবাবু বলেন, “যিনি গঙ্গায় বহু প্রাণ বাঁচিয়েছেন, আজ তিনি নিজেই জলে তলিয়ে গেলেন—বেদনাদায়ক।” অসিত মজুমদারের গলায় শোক— “যে জল তার বহুবার সাক্ষী ছিল মানবিকতার, সেই জলই আজ তাকে কেড়ে নিল। এটা নিয়তির নিষ্ঠুর পরিহাস।”

ভাই বীরেন্দর সাহানীর কণ্ঠে কান্না, “দাদা অসাধারণ সাঁতার জানত, প্রতিদিনই স্নান করত গঙ্গায়। কিন্তু আজ…”

চুঁচুড়া ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায়ের কথায়, “আগামী নভেম্বরেই সুরিন্দরের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। গতকালই লজ বুক করেছিল। এই মৃত্যু পরিবারটাকে ভেঙে দিয়েছে।”

একজন প্রাণরক্ষকের এমন পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা। গঙ্গা যেন আজও কাঁদছে তার সাহসী সন্তানের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.