কলকাতা

বড়বাজারে স্বর্ণ ব্যবসায়ীর কাছে ‘মাওবাদী ফান্ড’-এর নামে ৫০ লক্ষ টাকার চিঠি, তদন্তে কলকাতা পুলিশ

শহরের বুকে ফের এক চাঞ্চল্যকর ঘটনা। বৌবাজারের চিনাবাজার স্ট্রিটে স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর কাছে রহস্যময় এক চিঠি এসে পৌঁছায়, যেখানে দাবি করা হয় ৫০ লক্ষ টাকা মাওবাদী ফান্ডে জমা দিতে হবে!

ব্যবসায়ীর দাবি, প্রেরকের নামহীন সেই চিঠিতে লেখা রয়েছে, টাকা দিতে হবে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুরে। স্পষ্ট হুমকি— টাকা না দিলে পরিণতি হবে ‘ভয়ঙ্কর’। এমন হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন জয়ন্তবাবু। ইতিমধ্যেই তিনি এই ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

জয়ন্ত জানিয়েছেন, “চিঠির পর থেকেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বনগাঁতেও আমার দোকান আছে। সব জায়গায় নজর রাখছি। তবে পুলিশের তরফে আশ্বাস পেয়েছি, তারা তদন্ত শুরু করেছে।”

পুলিশ সূত্রে খবর, ওই হুমকি চিঠির সত্যতা ও প্রেরকের পরিচয় জানার চেষ্টা চলছে। কোথা থেকে চিঠি পাঠানো হয়েছে, তা জানার জন্য নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও ডাক বিভাগের ওপর।

এদিকে এই ঘটনার পর চিনাবাজার স্ট্রিট ও আশপাশের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে চাপা আতঙ্ক। ব্যবসায়ী সংগঠনগুলিও পুলিশের হস্তক্ষেপ চেয়ে সক্রিয় হয়েছে।

এই ঘটনা শুধু একজনের নয়, গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন দেখার, পুলিশ কত দ্রুত রহস্যভেদ করে আতঙ্ক কাটাতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.