খেলাধুলা

মোহনবাগানে নির্বাচনের আগেই যবনিকা, ‘অদৃশ্য শক্তি’র ছোঁয়ায় মিলল দুই শিবির!

দীর্ঘ উত্তেজনার পর হঠাৎই পাল্টে গেল মোহনবাগানের রাজনৈতিক মানচিত্র। গত দেড় মাস ধরে যেভাবে নির্বাচনী উত্তাপ চড়ছিল, তা এক লহমায় যেন মিলিয়ে গেল ‘অদৃশ্য শক্তি’র হাওয়ায়। টুটু বসু বনাম দেবাশিস দত্ত – দুই শিবিরের টানাপোড়েন মিটে এখন গলা মিলেছে এক সুরে— “মোহনবাগান সবার ঊর্ধ্বে।”

সূত্রের খবর, পার্ক স্ট্রিটের এক বিলাসবহুল ক্লাবে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে চূড়ান্ত হয় আসন সমঝোতা। ‘১০-১০-২ ফর্মুলা’ অনুযায়ী ২২ সদস্যের কমিটিতে দুই পক্ষ থেকেই থাকছেন ১০ জন করে প্রতিনিধি, সঙ্গে থাকছেন সভাপতি ও সহ-সভাপতি। নির্বাচন কমিটির চেয়ারম্যান অসীম রায় নাকি আগেই আঁচ করেছিলেন এমন মোড় ঘোরার সম্ভাবনা, তাই দিনক্ষণ ঠিক না করেই শুরু করেছিলেন প্রক্রিয়া।

মোহনবাগান নির্বাচন ঘিরে রাজ্যের মন্ত্রী, সাংসদরাও ছিলেন সরব। প্রচারে ঝাঁপিয়ে পড়েন দুই শিবিরই। টুটু বসুর ছেলে সৃঞ্জয় থেকে বর্তমান সচিব দেবাশিস – সবাই মাঠে নেমেছিলেন সর্বশক্তি নিয়ে। সদস্যদের মধ্যেও বিভাজন ছিল স্পষ্ট। সেই বিভাজনের দেওয়াল হঠাৎ ভেঙে ফেলার সিদ্ধান্তে বিস্মিত অনেকেই।

এখন প্রশ্ন উঠছে— লোক দেখানো এত প্রচার কেন? ‘মিলন’ আদৌ টিকবে তো? মনোমালিন্য কি আবার কোনওদিন মাথা চাড়াবে না? যদিও ক্লাবের ফুটবল কার্যক্রম এর বাইরে, তবুও প্রশাসনিক স্তরে এই সমঝোতা কতটা স্থায়ী হয়, সেটাই এখন দেখার।

শোনা যাচ্ছে, নতুন কমিটি গঠনের পর ক্লাব সংবিধানে আসতে পারে বড় পরিবর্তন। সহ-সভাপতির দায়িত্ব নিতে পারেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। আপাতত মোহনবাগান দেখছে নির্বাচনী লড়াই নয়, সৌভ্রাতৃত্বের নতুন সকাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.