রাজধানী দিল্লিতে উদ্বেগ বাড়াচ্ছে এইচ১এন১ বা সোয়াইন ফ্লুর সংক্রমণ। চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৭০০ ছাড়িয়ে গিয়েছে বলে দাবি। পরিস্থিতি নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। তাদের অভিযোগ, দিল্লির বিভিন্ন এলাকায় বহু মানুষ এবং স্কুলপড়ুয়া শিশু জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গে ভুগছে। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি ও পর্যাপ্ত ওষুধের জোগান নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সক্রিয় হয়েছে প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে হাসপাতালগুলির প্রস্তুতি, বেডের সংখ্যা এবং ল্যাবরেটরি সার্ভেইল্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সরকারের দাবি, পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে পর্যাপ্ত বেড, চিকিৎসক ও ওষুধ মজুত রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ, জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি সংক্রমণ রুখতে দ্রুত রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার ওপরও জোর দেওয়া হচ্ছে।







