কলকাতাবিনোদন

রাতের কলকাতায় ভূতের খোঁজে ‘ভূতপূর্ব’ দলের অভিযান, শুরু পুতুলবাড়ি দিয়ে, শেষে জিপিওর সামনে ইতিহাস-ভ্রমণ

রাত তখন ১১টা ৩০। ব্যস্ততা হারিয়ে উত্তর কলকাতার নিস্তব্ধ কুমোরটুলির মেঘলা আকাশে ঘোলাটে চাঁদ। এমনই এক রাতে শহরের ইতিহাসে জড়িয়ে থাকা ভৌতিক স্থানে অভিযান শুরু করলেন ‘ভূতপূর্ব’ ছবির চার অভিনেতা–অভিনেত্রী। ভূত নয়, বরং শহরের ইতিহাসে পেঁচানো ভয় আর রহস্যের টানেই রাতভর অভিযান। ‘ভূতপূর্ব’ ছবিতে তিন সাহিত্যিকের লেখা তিনটি ভৌতিক গল্পকে রূপ দেওয়া হয়েছে। মুক্তির আগে ছবির অভিনেতা-অভিনেত্রীরা শহরের সেইসব কথিত ভৌতিক জায়গাগুলির সন্ধানে বেরিয়ে পড়লেন। অভিযানে ছিলেন রূপাঞ্জনা মিত্র, সত্যম ভট্টাচার্য, সুহোত্র মুখোপাধ্যায়, ও সপ্তর্ষি মৌলিক।

১৮ শতকের ঐতিহ্যবাহী পুতুলবাড়ির ছাদে এককালে ছিল অগণিত পুতুল। এখন সেগুলি ভেঙে পড়েছে, কেবল একটি পুতুল মাথা নামিয়ে দাঁড়িয়ে রয়েছে ছাদের চূড়ায়। বন্ধ দরজার ছিদ্রপথে উঁকি মারে সত্যম-রূপাঞ্জনা-সুহোত্র-সপ্তর্ষির দল। অন্ধকারের গভীরে কিছু না দেখতে পেলেও, সত্যম জানান,”ভূতে বিশ্বাস করি না, তবে ভয় তো একটা স্বাভাবিক অনুভূতি।” ইতিহাসের সঙ্গে যুক্তির সমান্তরাল টানতে রেললাইন পার করে গাইড অভিজিৎ ধরকে সঙ্গে নিয়ে যাত্রা পৌঁছয় ঠাকুরবাড়ির পেছনের দরজায়। আলোচনায় উঠে আসে কাদম্বরী দেবীর মৃত্যু, রবি ঠাকুরের প্ল্যানচেট, লালবাড়ির অলৌকিকতা। রূপাঞ্জনা বলেন,”সেই সময় রবি ঠাকুরের উপর একটু রাগই হয়েছিল।” ঠাকুরবাড়ির ইতিহাস যেন এখনও কাঁপিয়ে তোলে শহরবাসীকে।

তারপরের গন্তব্য অন্ধকার গলির মধ্যে কুখ্যাত কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার ত্রৈলোক্যর বাড়ি যেখানে এক ভিন্ন অনুভূতি হয় সকলের। রূপাঞ্জনা বলেন,”এই জন্যই ব্যাগে হনুমান চালিশা রাখি।” রাত ১টা ১৫-তে বিরতি রাজভবনের সামনে। তবে এখানের চমক হল অনেকেই জানতেন না, রেড ক্রশ প্যালেস রোডই এক সময় ছিল ‘ফাঁসি গলি’। ব্রিটিশ আমলে এখানে ভারতীয়দের ফাঁসি দেওয়া হত। ইতিহাস জানার পরে এক নিস্তব্ধতা গ্রাস করে সকলকে।

ভোররাত ৩টে। অভিযান পৌঁছয় ডালহৌসি অঞ্চলে জিপিওর সামনে, কয়লাঘাটা রোড ও রাইটার্স বিল্ডিংয়ের আশপাশে। অভিজিৎবাবু জানান, এক কালে এখানেই ছিল কবরখানা। ব্রিটিশ আমলে কলেরা ও কালাজ্বরে মৃতদের এইখানেই কবর দেওয়া হত। শুনে চমকে ওঠেন সুহোত্র। ইতিহাসপ্রেমী সুহোত্র বলেন,”জানি না, কার কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তবে কলকাতার ইতিহাস দারুণ লাগে। শহরটা রাতে ঘুরে দেখার অনুভূতিই অন্য রকম।” শেষরাতে ফিরলেন সকলে। ভূতের দেখা মেলেনি ঠিকই কিন্তু আতঙ্ক রহস্য ছিল এই অভিযানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.