পানিহাটির তরুণী নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। শেষপর্যন্ত গ্রেফতার করা হল মূল অভিযুক্ত আরিয়ান খানকে। সপ্তাহ খানেক নিখোঁজ থাকার পর বুধবার সকালে গল্ফগ্রিনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে মা শ্বেতার মাকেও। তবে এখনও খোঁজ মেলেনি শ্বেতা খানের, যিনি এই চক্রের মূলচক্রী বলে মনে করা হচ্ছে।
ডোমজুড়ে আরিয়ানকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, গত পাঁচ দিন ধরে বারবার জায়গা বদল করছিলেন আরিয়ান। মোবাইল টাওয়ার ট্র্যাক করে গল্ফগ্রিনে তাঁর উপস্থিতির খবর মেলে। এরপরেই নির্দিষ্ট এলাকা ঘিরে অভিযান চালায় গোয়েন্দারা।
ঘটনার সূত্রপাত পানিহাটির এক নাবালিকা নিখোঁজ হওয়ার পর। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সেখান থেকেই উঠে আসে হাওড়ার বাকড়ার বাসিন্দা শ্বেতা ও তাঁর ছেলে আরিয়ানের পর্নোগ্রাফি চক্রের নাম। অভিযোগ, নিজেদের প্রোডাকশন হাউজের নাম করে কাজের টোপ দিয়ে তরুণীদের ফাঁদে ফেলা হত। তারপর ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির প্রলোভনে নিয়ে গিয়ে জোর করে পর্নো ভিডিও শ্যুট করা হত। বাড়িতেই চলত এই কর্মকাণ্ড, যেখানে শ্বেতা নিজেই সমস্তকিছু নিয়ন্ত্রণ করতেন।
স্থানীয়দের অভিযোগ, শ্বেতার রাজনৈতিক প্রভাব থাকায় দীর্ঘদিন নির্বিঘ্নে চলেছে এই চক্র। এমনকি তাঁর ব্যাংকক সফরও সন্দেহের তালিকায়। এখন প্রশ্ন, শ্বেতা কি ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছেন?
তবে পুলিশের দাবি, আরিয়ানের সূত্র ধরেই খুব শীঘ্রই ধরা পড়বে শ্বেতাও।







