জেলারাজনীতি

খাতড়ায় হামলার অভিযোগ কেন্দ্র করে উত্তেজনা, মন্ত্রীর স্বামী জখম, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে-

বাঁকুড়ার খাতড়া এলাকায় মন্ত্রীর স্বামীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের দাবি, ধৃতরা বিজেপির সক্রিয় কর্মী। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

স্থানীয় সূত্র অনুযায়ী, শুক্রবার রাতে খাতড়া বাজারে আচমকাই ১৫-১৬ জনের একটি দল লাঠিসোটা নিয়ে চড়াও হয় তুহিন মান্ডির উপর। এই হামলায় তাঁর পিঠ ও ডান হাতে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন।

শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তাঁর অভিযোগ, বিজেপি এলাকায় অশান্তি তৈরির চেষ্টায় লিপ্ত। আমার স্বামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন, তবুও তাঁকে লক্ষ্য করেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি, তিনি জানান যে বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ কর্তৃপক্ষ এবং দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক দীপক দাস পাল্টা অভিযোগ এনে বলেন, তৃণমূল নেত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র‍্যাফ হস্তক্ষেপ করে, এবং লাঠিচার্জও চালানো হয়। এই ধস্তাধস্তির মাঝেই মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন।

কে বা কারা এই ঘটনার জন্য দায়ী, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.