চাকরি

জোম্যাটোয় ফের ছাঁটাইয়ের ধাক্কা! চাকরি হারাবেন ২৪০ কর্মী, পরিষেবায় কি পড়বে প্রভাব?

একদিকে বাড়ছে অনলাইন খাবার অর্ডারের চাহিদা, অন্যদিকে সংস্থার অন্দরে চাকরি হারানোর আশঙ্কা। ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জোম্যাটোর। হায়দরাবাদে গ্রাহক সহায়তা বিভাগে কর্মরত প্রায় ২৪০ জনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি। চলতি মাস থেকেই এই ছাঁটাই কার্যকর হতে পারে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, গ্রাহক সহায়তার কাজটি এবার আউটসোর্স করার পথে হাঁটছে সংস্থা। হায়দরাবাদের বর্তমান কর্মীদের বদলে গুরুগ্রামে অবস্থিত ‘ইটারনাল’-এর অফিসে একটি একক কার্যকরী দল হিসেবে গ্রাহক সহায়তা বিভাগ পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এক ধাক্কায় ২৪০ চাকরি গেলেও মিলবে বাড়তি সুবিধা

তবে কর্মী ছাঁটাই হলেও তাঁদের জন্য কিছু আর্থিক ও অন্যান্য সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা আগস্ট মাসের বেতনের পাশাপাশি চার মাসের অতিরিক্ত বেতন পাবেন। এর মধ্যে চুক্তি অনুযায়ী নোটিশ পিরিয়ডের বেতন এবং এককালীন বিশেষ অনুদানও রয়েছে।

শুধু তাই নয়, ২০২৭ সালের মার্চ পর্যন্ত চিকিৎসা বিমা এবং কাউন্সেলিং বা মানসিক সহায়তার সুবিধাও পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা।

পরিষেবায় কি পড়বে প্রভাব?

এখন সবচেয়ে বড় প্রশ্ন, হায়দরাবাদের এত কর্মী একসঙ্গে সরিয়ে দিয়ে গ্রাহক পরিষেবা কাঠামোয় বদল আনলে তার প্রভাব কি সরাসরি পড়বে জোম্যাটোর পরিষেবায়?

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং অন্য কাঠামোয় তা পরিচালিত হবে। ফলে গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বড়সড় সমস্যা হবে কি না, তা নির্ভর করবে নতুন ব্যবস্থাটি কতটা দ্রুত এবং দক্ষতার সঙ্গে কার্যকর করা যায় তার উপর।

এক বছর পরেই ফের ছাঁটাইয়ের খবর

জোম্যাটোর কর্মী ছাঁটাই অবশ্য নতুন ঘটনা নয়। এর আগে গত বছরও জুনিয়র স্তরের প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এক বছরের মধ্যেই ফের কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে সংস্থার কর্মী কাঠামো এবং ব্যবসায়িক কৌশল নিয়ে।

শুধু জোম্যাটো নয়, চলতি বছরে কর্মী ছাঁটাইয়ের খবর এসেছে একাধিক বড় প্রযুক্তি সংস্থা থেকেও। মাইক্রোসফট, আমাজন এবং মেটার মতো সংস্থাতেও হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত এআই-নির্ভরতা বাড়ায় ভবিষ্যতে মানুষের কাজের সুযোগ কতটা থাকবে, সেই প্রশ্নও ক্রমশ জোরালো হচ্ছে।

অর্থাৎ, প্রযুক্তির দাপটে একদিকে যেমন ব্যবসার নতুন দরজা খুলছে, তেমনই অন্যদিকে চাকরির বাজারে বাড়ছে অনিশ্চয়তা। জোম্যাটোর ২৪০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সেই বিতর্কেই যেন নতুন করে ইন্ধন জোগাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.