মাথা ব্যথা, কোমরে যন্ত্রণা কিংবা গাঁটে ব্যথা—অস্বস্তি হলেই অনেকের হাত চলে যায় পেইনকিলারের দিকে। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যায়, তাই মনে হয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু এই অভ্যাস যদি নিয়মিত হয়ে যায়, তাহলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির উপর পড়তে পারে বড়সড় চাপ।
চিকিৎসকদের মতে, প্রয়োজন ছাড়াই ঘন ঘন কিছু ধরনের ব্যথানাশক ওষুধ খেলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। যশোদা মেডিসিটির নেফ্রোলজি বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর ডাঃ এল. কে. ঝা জানিয়েছেন, এমন রোগীও তাঁদের কাছে আসেন যাঁদের কিডনি সমস্যার সঙ্গে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত পেইনকিলার ব্যবহারের যোগ রয়েছে।
অনেক সময় কোনও নির্দিষ্ট ব্যথার জন্য চিকিৎসক একটি ওষুধ লিখে দিলে, পরে একই ধরনের ব্যথা হলেই অনেকে নিজের মতো করে সেই ওষুধ কিনে খান। চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে দিনের পর দিন ওষুধ খাওয়াই বিপদের কারণ হতে পারে।
কিডনির ক্ষতি হয় কীভাবে?
কিছু ব্যথানাশক ওষুধ কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে দিতে পারে। দীর্ঘদিন বা অনিয়ন্ত্রিতভাবে সেগুলি ব্যবহার করলে কিডনির কার্যক্ষমতা কমার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আগে থেকেই কিডনির সমস্যা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা আরও জরুরি। বয়স্কদের ক্ষেত্রেও ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে।
শরীরে জলের ঘাটতি থাকলে বিপদ বাড়ে
শরীরে পর্যাপ্ত জল না থাকলেও পরিস্থিতি আরও জটিল হতে পারে। রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ প্রজিত মজুমদারের মতে, বমি, ডায়রিয়া বা জ্বরের কারণে শরীরে জলের ঘাটতি তৈরি হলে পেইনকিলার ব্যবহারে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।
সবচেয়ে সমস্যার বিষয়, কিডনির ক্ষতি শুরু হলেও প্রথম দিকে অনেক সময় কোনও স্পষ্ট উপসর্গ দেখা যায় না। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও রক্ত পরীক্ষায় ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার পর সমস্যা ধরা পড়তে পারে।
তাই ব্যথা হলেই নিজের মতো করে বারবার পেইনকিলার না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। ব্যথা যদি বারবার ফিরে আসে, শুধু ওষুধ খেয়ে সেটি চাপা না দিয়ে তার আসল কারণ খুঁজে বের করাও জরুরি। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির পুরনো সমস্যা থাকলে ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।







