বহু প্রতীক্ষিত ভৌতিক কমেডি ছবি ‘সর্দার জি ৩’ মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিলজিৎ দোসাঁঝ ও নীরু বাজওয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার অফিসিয়াল টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। টিজারে দেখা যায়, আমেরিকার এক রহস্যময় প্রাসাদে কিছু মানুষ প্রবেশ করছেন, এবং সেখানে তারা অদৃশ্য কোনো অতিপ্রাকৃত সত্ত্বার উপস্থিতি টের পান। পরিস্থিতি হাতের বাইরে যেতেই হাজির হন দিলজিৎ। এরপরেই শুরু হয় ভূতেদের সঙ্গে তার মজাদার কথোপকথন, যা দর্শকদের হাসির রোল তুলবে বলেই আশা করা হচ্ছে।
রহস্য, হাস্যরস ও ভৌতিক উপাদানের মিশেলে জমজমাট হতে চলেছে এই ছবি, এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা। তবে ছবিটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। কারণ, এই সিনেমায় অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলা। এ নিয়েই দেশজুড়ে একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই এই ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন এবং দিলজিৎ দোসাঁঝের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তুলেছেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। সেই পরিস্থিতিতেই কীভাবে পাকিস্তানি শিল্পীদের অভিনীত এই ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। এই বিতর্কের মাঝেই মুক্তি পেতে চলেছে ‘সর্দার জি ৩’। এখন দেখার, দর্শকরা এই বিতর্ক পেরিয়ে ছবিটির ভৌতিক-কমেডি জগতকে কতটা আপন করে নেন।







