ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ নিয়ে বলিউডে উত্তেজনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল, এই ছবির মুখ্য নারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবানিকে। তবে ব্যক্তিগত জীবনে মাতৃত্বের নতুন অধ্যায়ে প্রবেশ করার কারণে কিয়ারা আপাতত বিরতি নিয়েছেন এবং তাই তিনি এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। এই অবস্থায় নতুন মুখের খোঁজে ছিলেন নির্মাতারা। বলিউড সূত্রে খবর, সেই খোঁজ সম্ভবত কৃতি স্যানন-এ গিয়ে শেষ হয়েছে। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক এক ভিডিও ঘিরে গুঞ্জন তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, কৃতি একটি নীল রঙের পোশাকে ক্যামেরার সামনে ধরা পড়েন। পাপারাজ্জিরা তাঁকে ঘিরে ধরে জানতে চান, তিনি কি ‘ডন ৩’-এর অংশ? তাঁকে ‘লেডি ডন’ বলেও সম্বোধন করা হয়। প্রশ্নের জবাবে কিছু না বলেই কৃতিকে হাসতে দেখা যায়, যা দর্শকদের মতে কথা না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়েছে। কেউ লিখেছেন,”পরম সুন্দরী এবার হবেন ডন লেডি”, কেউ বলেছেন,”ম্যায় হুঁ ডন… উফ, এই স্টাইল!”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে পিঙ্কভিলা-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে কৃতি স্যাননকে ‘ডন ৩’-এর জন্য চূড়ান্ত করা হয়েছে এবং তিনি ‘রোমা’-র আইকনিক চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। সূত্রের মতে, নির্মাতারা মনে করছেন, কৃতিই এই চরিত্রের জন্য সঠিক পছন্দ। এখন দেখার বিষয়, নির্মাতারা কবে এই খবরে অফিসিয়াল সিলমোহর দেন। আপাতত কৃতির এক ঝলক হাসিই ডন ৩ নিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।







