ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে এক নির্মম ও ভয়ঙ্কর ঘটনার জেরে উত্তাল প্রশাসনিক মহল। অভিযোগ, এক তরুণীকে তাঁর প্রেমিকের সামনেই এক দল দুষ্কৃতী মারধর করে ও তারপরে গণধর্ষণ করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাবেলা এক কলেজ-পড়ুয়া তরুণী ও তাঁর প্রেমিক রাজা উৎসব উপলক্ষে গঞ্জাম জেলায় এসেছিলেন। পরে দু’জনে গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে যান। অভিযোগ, সৈকতের নির্জন স্থানে ১০ জন যুবক তাঁদের পিছন পিছন গিয়ে আচমকা আক্রমণ চালায়। যুবতীকে টানতে শুরু করে কয়েকজন, বাধা দিতে গেলে তাঁর প্রেমিককে বেধড়ক মারধর করা হয় এবং পরে দড়ি দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর তাঁর সামনেই ওই তরুণীকে নির্যাতনের শিকার হতে হয়।
ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাভানা জানান, দু’জনেরই চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁরা স্থিতিশীল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তদের বেশিরভাগই বাইরে থেকে আসা পর্যটক। আটজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপর দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনাকে ঘিরে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং দ্রুত সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।







