যখন ভারতীয় ক্রিকেট দলে একে একে অবসর নিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞরা, তখন এক ৩৭ বছরের পেসার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখে চলেছেন! তিনি উমেশ যাদব। অস্ত্রোপচারের পর মাঠে ফেরা এই পেসার এখনো মনে করেন, দেশের হয়ে ফের একবার টেস্ট খেলতে পারেন তিনি।
২০১৫-২০২৩ সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে উমেশ ছিলেন ভারতের নির্ভরযোগ্য পেস অস্ত্র। তবে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জাতীয় দল থেকে ছিটকে যান। রোহিত, কোহলি, রাহানে, পুজারাদের বিদায়ের পর এখন টিম ইন্ডিয়া একেবারে নতুন পথে হাঁটছে। নেতৃত্বে শুভমন গিল, দলে একঝাঁক তরুণ মুখ। তবুও অভিজ্ঞতার উপর আস্থা রেখে ফিরে আসার আশায় বুক বাঁধছেন উমেশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উমেশ বলেন, “অস্ত্রোপচারের পর মাঠে ফেরাটা সহজ ছিল না। কয়েকটা ম্যাচ খেলে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। আমি নিজেকে সিলেক্ট করতে পারি না, কাজ তাই মাঠে ভালো পারফরম্যান্স দেওয়া।” ৫৭টি টেস্টে ১৭০ উইকেটের মালিক উমেশ মনে করেন, তিনি এখনও উপযোগী।
উমেশের উত্থান নিজ গুণেই। না ছিল অ্যাকাডেমি, না ছিল বড় মঞ্চের প্রশিক্ষণ। তবু শিবিরে নিজের জায়গা তৈরি করেছিলেন জোরে বোলিংয়ের উপর ভর করে। এমন এক খেলোয়াড়ের ফেরার আকাঙ্ক্ষা হয়তো নিছক স্বপ্ন নয়, বরং ভবিষ্যতের ভারতের জন্য এক অপ্রত্যাশিত শক্তি হতে পারে।







