ট্রান্সফার উইন্ডো খুলতেই সবুজ-মেরুন সমর্থকদের জন্য এল বড়সড় স্বস্তির খবর। ফিফার নিষেধাজ্ঞা উঠে গেল মোহনবাগান সুপার জায়ান্টের উপর থেকে। দীর্ঘ টানাপোড়েনের পর ফের নতুন ফুটবলার সই করাতে পারবে কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব। ফলে নতুন মরশুম শুরুর আগে দল গঠনের প্রক্রিয়ায় এবার থেকে জোর দিতে পারবেন ক্লাবকর্তারা।
অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করানোর সময় কিছু পদ্ধতিগত ত্রুটির জন্য ফিফা মে মাসে মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করে। মূল সমস্যা ছিল প্রশিক্ষণ সংক্রান্ত ফি প্রদান নিয়ে। ট্রান্সফার ফি সময়মতো মেটানো হলেও ওই নির্দিষ্ট পরিমাণ টাকা সময়ের মধ্যে পাঠানো না যাওয়ায় জটিলতা তৈরি হয়।
তবে বিষয়টি গুরুতর না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই — প্রায় দেড় মাস আগে — শাস্তি প্রত্যাহার করে নেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ক্লাবের পক্ষ থেকেও শুরু থেকেই নিষেধাজ্ঞা তোলার জন্য প্রয়াস চালানো হয়েছিল। অবশেষে সেই চেষ্টার সুফল মিলল।
এই সিদ্ধান্তে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সবুজ-মেরুন শিবির, তেমনই দল গঠনের দৌড়ে ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দেওয়ার সুযোগও ফিরে পেল তারা। বুধবার থেকেই দলবদলের প্রক্রিয়ায় জোরদারভাবে নামতে পারে মোহনবাগান, এমনটাই মনে করা হচ্ছে। এবার ক্লাবের লক্ষ্য হবে বিদেশি ও স্থানীয় মানসম্পন্ন ফুটবলারদের দলে টেনে আরও শক্তিশালী স্কোয়াড গড়া।







