গত শনিবার রাতে শ্বাসকষ্ট সহ একাধিক গুরুতর শারীরিক সমস্যার নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে তার চিকিৎসা। তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।
বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতির অসুস্থতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি পিএমও অফিস থেকে খবর নেওয়া হয়েছে বিজেপি সাংসদের। এছাড়াও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংসদের ভাইপোর সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে শারীরিক পরিস্থিতি জেনেছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় সোমবার রাতে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। এরপর তিনি ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসিইউ-তে মাল্টি অরগ্যান সাপোর্ট সিস্টেমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিজেপি সাংসদ। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। এমনকি প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে গেরুয়া শিবির। তবে এখনও তা প্রস্তাবের স্তরেই রয়েছে বলে জানা গিয়েছে।
বর্তমানে প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা জটিল হওয়ায় ইতিমধ্যেই কার্ডিওগ্রাফি ও সিটি স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পেটের সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে চিকিৎসকরা আলোচনা করবেন। সাংসদের পরিবারের সঙ্গেও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের বিস্তারিত কথা হওয়ার কথা রয়েছে।







