নদীয়ার কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত মিরা গার্লস হাই স্কুলের ২১ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। উপনির্বাচনের গরমে উত্তপ্ত হলেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এদিন সকাল সকাল উপস্থিত হন নিজের বুথে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ভোট দেন ৮০ নম্বর কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ওই কেন্দ্রেই। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “মানুষ ভীষণ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সব জায়গাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই।”
ভোটদানের সময় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কড়া প্রহরায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশ। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি বুথে রাখা হয়েছে নজরদারি।
আলিফা আহমেদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মানুষ আমাদের পাশে আছে। প্রশাসনও দায়িত্বের সঙ্গে কাজ করছে। আশা করছি, এই উপনির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হবে।”
এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোথাও কোনও বড় রকমের অভিযোগ এখনো পর্যন্ত মেলেনি। নজর রাখা হচ্ছে প্রতিটি বুথ ও সংবেদনশীল এলাকায়।
সার্বিকভাবে এই উপনির্বাচন পরিণত হয়েছে এক শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার মঞ্চে—যেখানে উৎসবের আবহেই চলছে ভোটদান।






