রাজ্য

গণনা ঘিরে কড়া সতর্কতা, বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে ৭ হাজার অতিরিক্ত কর্মী মোতায়েন WBSEDCL-এর

রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগণনা সোমবার। তার আগে গণনা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা এড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL)। সূত্রের খবর, কলকাতার CESC Limited এলাকা বাদ দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ হাজার অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, WBSEDCL-এর অধীনে থাকা প্রায় ৭৫০টি সাব-স্টেশন এবং ৫৫০টি গ্রাহক পরিষেবা কেন্দ্রে সোমবার বাড়তি কর্মী রাখা হবে। সাধারণত অফিস সময়ের বাইরে বহু কেন্দ্রেই সীমিত কর্মী থাকেন। তবে গণনার দিন স্থায়ী কর্মীদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ৫-৬ জন অস্থায়ী কর্মী মোতায়েন থাকবে। রাত পর্যন্ত তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গণনা কেন্দ্রে ডিজেল জেনারেটর, ইনভার্টার এবং ইউপিএসের ব্যবস্থা করার দায়িত্ব জেলা প্রশাসনের হলেও, কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থা। বিশেষ করে কালবৈশাখী বা ঝড়-বৃষ্টির কারণে ট্রান্সফরমার বিকল হওয়া, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া বা পোল ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি মাথায় রেখে অতিরিক্ত ট্রান্সফরমার, খুঁটি এবং তার মজুত রাখা হয়েছে।
এর আগেও ভোটের দুই দফায় বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল সংস্থা। সূত্রের দাবি, সেই পর্যায়ে ২৫ কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছিল। প্রায় ৬০ হাজার বুথে ডিজি সেট, ইনভার্টার এবং ইউপিএসের ব্যবস্থা রাখা হয়েছিল।
কারণ, এবার Election Commission of India প্রতিটি বুথে ১০০ শতাংশ সিসিটিভি নজরদারি এবং ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করেছিল। তাই ভোটের পর এবার গণনার দিনেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই প্রশাসনের বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.