স্বাস্থ্য

ব্যক্তিনির্ভর mRNA ক্যানসার ভ্যাকসিনে বড় সাফল্য, কেট্রুডার সঙ্গে পরীক্ষায় মিলল আশাব্যঞ্জক ফল

ক্যানসারের চিকিৎসায় ব্যক্তিনির্ভর প্রযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলল। Moderna এবং Merck জানিয়েছে, তাদের তৈরি ব্যক্তিগত mRNA ক্যানসার ভ্যাকসিন Intismeran autogene -কে Merck-এর বহুল ব্যবহৃত ইমিউনোথেরাপি কেট্রুডা-র সঙ্গে প্রয়োগ করে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া গিয়েছে। এই যৌথ চিকিৎসায় মেলানোমা পুনরায় ফিরে আসার ঝুঁকি কমার পাশাপাশি শরীরের অন্যান্য অংশে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও হ্রাস পেয়েছে।

ফেজ থ্রি INTerpath-001 পরীক্ষায় মোট ১,১৩৭ জন রোগী অংশ নেন। তাঁদের প্রত্যেকের Stage IIB, IIC, III অথবা IV মেলানোমা অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ অপসারণ করা হয়েছিল। অংশগ্রহণকারীদের একাংশকে প্রায় এক বছর কেট্রুডার সঙ্গে Intismeran autogene দেওয়া হয়। অন্য অংশের রোগীরা শুধুমাত্র কেট্রুডা পেয়েছেন।

পরীক্ষার অন্যতম প্রধান লক্ষ্য ছিল রেকারেন্স-ফ্রি সার্ভাইভাল বা চিকিৎসার পর ক্যানসার ফিরে না আসা পর্যন্ত সময়। সেই সূচকে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। অর্থাৎ, শুধু কেট্রুডা নেওয়া রোগীদের তুলনায় সংমিশ্রণ থেরাপি পাওয়া রোগীদের মেলানোমা পুনরায় হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমেছে। পাশাপাশি ডিস্ট্যান্ট মেটাস্টেসিস-ফ্রি সার্ভাইভাল -এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উন্নতি দেখা গিয়েছে। অর্থাৎ শরীরের দূরের অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমেছে। Moderna ও Merck-এর দাবি, এই ফল পরিসংখ্যানগত এবং চিকিৎসাগত—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

তবে Intismeran autogene কোনও প্রচলিত প্রতিষেধক নয়। সংক্রমণ প্রতিরোধের জন্য সাধারণ ভ্যাকসিন যেমন কাজ করে, এটি সেই উদ্দেশ্যে তৈরি হয়নি। অস্ত্রোপচারের পর বাদ দেওয়া টিউমারের জিনগত পরিবর্তন বিশ্লেষণ করে রোগীর ক্যানসারের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী এই ব্যক্তিনির্ভর mRNA থেরাপি তৈরি করা হয়। এর উদ্দেশ্য হল ক্যানসারের বিশেষ মিউটেশন শনাক্ত করে সেগুলির বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করা।

নিরাপত্তার ক্ষেত্রেও নতুন কোনও বড় ধরনের সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছে দুই সংস্থা। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। দীর্ঘমেয়াদি সার্ভাইভাল-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচক নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া হবে। তাই এই চিকিৎসার ফলে রোগীদের আয়ু ঠিক কতটা বাড়তে পারে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এর আগে KEYNOTE-942 পরীক্ষার পাঁচ বছরের ফলেও কেট্রুডার সঙ্গে ব্যক্তিগত mRNA থেরাপি ব্যবহারে মেলানোমা ফিরে আসার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সুফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন ফেজ থ্রি পরীক্ষার ফল সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।

মেলানোমার পাশাপাশি ফুসফুস, ব্লাডার এবং কিডনি ক্যানসার নিয়েও Intismeran autogene-র গবেষণা চলছে। নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা এবং দীর্ঘমেয়াদি গবেষণার ফল এখনও বাকি। তবে precision oncology বা রোগীর নির্দিষ্ট জিনগত বৈশিষ্ট্যভিত্তিক ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখছেন গবেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.