কলকাতাভাইরালরাজনীতিরাজ্য

তিলোত্তমার কাণ্ডে কুণালের চ্যাট খুলল গোপন দোর, মায়ের অভিযোগ— রফার হাতিয়ার ছিল টাকা।

আবার উত্তাল হল কুণাল ঘোষ ও তিলোত্তমার পরিবারকে ঘিরে রাজনৈতিক অঙ্গন। বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিলোত্তমার মা-বাবাকে মানহানির নোটিস পাঠান। কিন্তু তার পাল্টা সুরে নির্যাতিতার পরিবার সরাসরি অভিযোগ তোলেন— টাকার বিনিময়ে পুরো বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কুণাল।

প্রেসের সামনে দাঁড়িয়ে তিলোত্তমার মা ক্ষোভে বলেন, “ওঁর কোনও মানসম্মান আছে বলে মনে করি না। নাম মুখেও নেব না।” সাংবাদিকরা প্রশ্ন তুলতেই যে কুণাল নাকি সিবিআইয়ের কাছে ‘সেটিং’-এর চেষ্টা করেছিলেন, সঙ্গে সঙ্গে তিলোত্তমার বাবা-মা উত্তর দেন— “আমাদের কথা বিশ্বাস না হলে তদন্ত হোক।”

এরপর মা আরও বলেন, “আমাদের বাড়িতে আসেননি, কিন্তু টাকার অফার দিয়েছিলেন। বলেছিলেন, ব্যাপারটা মিটিয়ে দিতে।”

এই সময়েই বাবা সামনে আনেন ফোনের প্রমাণ। সাংবাদিকদের সামনে খুলে দেখান একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে প্রেরকের নাম দেখা যাচ্ছে— ‘TMC Kunal Ghosh’। তিনি জানান, “কুণাল ঘোষ নানা ধরনের মেসেজ করতেন। কখনও আমাদের ভুল-সঠিকের পরামর্শ দিতেন। তবে টাকার প্রসঙ্গটি রেকর্ড নেই, কারণ সেটি হোয়াটসঅ্যাপ কলে হয়েছিল।”

তিলোত্তমার মা বলেন, “আমাদের একমাত্র মেয়ে চলে গেছে। আমাদের চোখের জল পর্যন্ত ওঁর নজরে পড়েনি। কী সব কথা বলেছেন, তার কোনও সীমা নেই।” এরপর ফের ফোনে আরেকটি ভিডিও দেখান বাবা। জানান, “৯ অগস্টের একটি ভিডিও উনিই পাঠিয়েছিলেন। তারপর আর সহ্য করতে না পেরে ব্লক করি।”

অন্যদিকে কুণাল ঘোষ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের উদ্দেশে পাল্টা বলেন, “এক বছর পর এ সব গল্প বানানো হচ্ছে। আমি অনুরোধ করছি— আদালতে গিয়ে বিচারকের সামনে সমস্ত চ্যাট, মেসেজ, ভিডিও প্রমাণ হিসেবে তুলে ধরুন। সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়ও দিতে পারেন। এতে সত্যিটাই বেরিয়ে আসবে।”

তৃণমূল নেতা আরও যোগ করেন, “আমি আপনার মেয়ের মৃত্যুকে ব্যবহার করে নিজের ভাবমূর্তি গড়তে চাইনি। কিন্তু যেভাবে মিথ্যা আক্রমণ চলছে, এখন সব তথ্য আদালতেই প্রকাশ হোক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.