শান্ত রবিবার, প্রার্থনারত মানুষের ভিড়ে মুখর দামাস্কাসের গির্জা। হঠাৎই ছিন্নভিন্ন হয়ে যায় পবিত্রতা। আত্মঘাতী জঙ্গির হঠাৎ প্রবেশ, মুহূর্তে গর্জে ওঠে আগ্নেয়াস্ত্র। প্রার্থনার শব্দ থামিয়ে দেয় গুলির ঝাঁঝ। রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ে একের পর এক। আর্তনাদ, কান্না আর ধ্বংসের বিভীষিকায় স্তব্ধ হয়ে যায় সিরিয়ার রাজধানী।
এই ভয়াবহ হামলায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তিরিশেরও বেশি মানুষ গুরুতর জখম। শিশুদের দেহও পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের চোখে এখনও আতঙ্কের ছাপ। কেউ বলছেন, একজন নয়, ছিল তিন জঙ্গি—একজন ভিতরে ঢুকে হামলা চালায়, বাকি দু’জন বাইরে থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
দামাস্কাসের বুকে এই ধরনের হামলা বহু বছর পর। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন পরবর্তী স্থিতিশীলতা যখন স্বস্তি ফিরিয়েছিল, তখনই এই আঘাত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, এই হামলা সরকারের সংখ্যালঘু-সহাবস্থানের প্রচেষ্টায় বড় ধাক্কা।
স্বরাষ্ট্র মন্ত্রক ইঙ্গিত করেছে ইসলামিক স্টেটের দিকেই, যদিও এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলার তীব্র নিন্দায় মুখর হয়েছেন তথ্যমন্ত্রী হামজা মোস্তাফাও।
সিরিয়ার বুকে শান্তির আশায় ভরসা রেখেছিল মানুষ। কিন্তু এই রক্তাক্ত রবিবার মনে করিয়ে দিল, অন্ধকার এখনও ফুরোয়নি। আর একবার, প্রার্থনার ঘরেই কাঁপল মানবতা।







